প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জুন ‘উপাচার্যের গাড়ির দাম ৪৫ লাখ, গবেষণায় বরাদ্দ আট লাখ!’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যকে (ভারপ্রাপ্ত) মৌখিকভাবে জানান, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য পাজেরো জিপ দেওয়া হচ্ছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গাড়ির চাহিদা দেওয়ার মৌখিক নির্দেশ দেন। ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেটে গাড়ির জন্য ৩১ মে বরাদ্দ দেওয়া হয়। আর বর্তমান উপাচার্য যোগ দেন ১৫ জুন।ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আট লাখ টাকা মঞ্জুরির কথা বলা হয়েছে। বাজেটে গবেষণা খাতের এ আট লাখ টাকা শুধু অভ্যন্তরীণ ছোটখাটো গবেষণায় ব্যয় করা হয়। এ ছাড়া নিয়মিত বাজেটের বাইরে গবেষণা মঞ্জুরি খাতে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হেকেপের আওতায় বিভিন্ন শিক্ষকের নামে প্রায় ২০ কোটি টাকার গবেষণা প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া কয়েকজন শিক্ষকেরও প্রায় ছয় কোটি টাকার বিভিন্ন গবেষণা প্রকল্পের কাজ চলছে।