প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোয় গত মঙ্গলবার ‘বাঁশখালীতে ভোটের মাঠে বিএনপি-জামায়াত’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে বিএনপি-জামায়াতের আনোয়ার হোসেন মঞ্জুর জেপি প্রার্থী হায়দার আলীকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। কারণ, ১৮-দলীয় জোট একতরফা এই নির্বাচন বর্জন করেছে। দেশবাসীকে এই নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। জেপি একটি রাজনৈতিক দল, যে দলের সঙ্গে বিএনপি বা জোটের কোনো সম্পর্ক নেই। এই দলটি সরকারেরই অংশ। তবে জেপির প্রার্থী হায়দার আলী আমার আত্মীয় হতে পারেন। তাঁর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তাঁর জন্য দলের কেউ কাজ করার প্রশ্নই আসে না।’
প্রতিবেদকের বক্তব্য: হায়দার আলী বিএনপি-জামায়াত ছাড়াও আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন বলে দাবি করেছেন। আওয়ামী লীগের প্রার্থী এবং কিছু ভোটারও সেই ইঙ্গিত করেছেন। যার ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।