প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোর ৫ নম্বর পৃষ্ঠায় ১ জানুয়ারি ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের ব্যাখ্যা দিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ বি এম আলি ইউছুফ।প্রথম আলো কার্যালয়ে পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে তিন বছরে কোনো বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবসে শহীদদের স্মরণ করতে না যাওয়ার অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি এসব জাতীয় দিবসে অংশ নিয়েছেন এবং স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি যুক্ত নন।কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে না দেওয়ার অভিযোগও ঠিক নয়। কলেজে যথারীতি সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। গত ২৭ ডিসেম্বর ‘ধ্রুবক’ নামের সংগঠন কলেজ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে ক্যাম্পাসের বাইরে কলেজের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, তাঁদের বহিষ্কার করা হয়নি। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ‘ধ্রুবক’ সংগঠনটি অবৈধ। আর স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ধ্রুবক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেনি। তাদের আমন্ত্রণপত্রে ভূপেন হাজারিকা ও জগজিৎ সিংহের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বলে উল্লেখ রয়েছে।প্রতিবেদকের বক্তব্য: অধ্যক্ষের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ তুলে গত ৩১ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। সেখানে বক্তাদের অভিযোগ ও ক্ষোভের কথা প্রকাশ করা হয় এবং সেখানে অধ্যক্ষের বক্তব্য ছাপা হয়।