প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
‘কালোবাজার থেকে টিকিট কিনে সাক্ষ্য দিতে যাচ্ছেন শিক্ষকেরা’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক সামসুল আলম। ব্যাখ্যায় বলা হয়, ‘গত ১ জুলাই বেলা আনুমানিক ১২টায় চট্টগ্রাম কলেজের সম্মানিত শিক্ষক পরিচয় দিয়ে একজন সম্মানিত ব্যক্তি এসে ২ জুলাই তারিখের রাত ১১টার ঢাকাগামী তূর্ণা নিশীথার সাতটি শোভন চেয়ার টিকিট চান। ওই শিক্ষককে জানাই যে, প্রচলিত নিয়মে যাত্রার দিনের তিন দিন আগে অগ্রিম টিকিট বিক্রি করা হয়। তাই এই মুহূর্তে ২ জুলাই তারিখের কোনো টিকিট আর অবশিষ্ট নেই।’ ব্যাখ্যায় আরও বলা হয়, ‘তবু ওই শিক্ষকের উপস্থিতিতে রেলের সার্ভার দেখে কোনো টিকিট না থাকার বিষয়টি জানতে পারি এবং তাঁকে জানাই। একই সঙ্গে তাঁর পদমর্যাদা ও কাজের গুরুত্ব বিবেচনা করে পরদিন (সোমবার) সকাল সাতটায় কোটা থেকে অবমুক্ত হওয়া টিকিটপ্রাপ্তি সাপেক্ষে টিকিট দেওয়া হবে বলে আশ্বস্ত করি এবং সেই সময়ে আমি উপস্থিত থাকব বলেও নিশ্চিত করি। কিন্তু পরে তিনি আর এ বিষয়ে কোনো যোগাযোগ করেননি।’