প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা থেমে নেই’ শীর্ষক সংবাদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।ওই দিনই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে বর্ণিত তথ্য সত্য নয়। কর্তৃপক্ষ এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। এতে আরও বলা হয়, অধ্যাপক শরীফ এনামুল কবির ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় মনোভাব গ্রহণ এবং এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি ছাত্রসংগঠনের বিলুপ্ত কমিটির একজন নেতার বিরুদ্ধে ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও টাকার বিনিময়ে অপর ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের হলে ওঠানো এবং পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই। এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ নিশ্চয়তা দিচ্ছে যে, কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্টভাবে কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে প্রমাণসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে কোনো বৈধ ছাত্র ক্যাম্পাসের বাইরে নেই। সব বৈধ ছাত্রকে ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।প্রতিবেদকের বক্তব্য: উপাচার্য দায়িত্ব নেওয়ার পর তাঁর দৃঢ় মনোভাব গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে ক্যাম্পাসে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি এবং এখন বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে—এমন দাবির সত্যতা পাওয়া যায় না। কারণ, তিনি দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১০ মার্চ, ৩ এপ্রিল, ৩০ জুন ও গত ৬-৭ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া কয়েকটি সংঘর্ষ ও খালেদা জিয়ার ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগ তারিখ ও ভুক্তভোগীদের বক্তব্যসহ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপস্থাপন করা হয়েছে উপাচার্যের বক্তব্যও। বৈধ কোনো ছাত্র ক্যাম্পাসের বাইরে নেই বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও, অর্ধশতাধিক বৈধ শিক্ষার্থীর বাইরে অবস্থানের তথ্যপ্রমাণ আছে। প্রতিবেদনের সব তথ্যই সঠিক ও বস্তুনিষ্ঠ।