প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে জনসংহতি সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাহাড়ে ভূমি বেদখলের মহোৎসব চলছে’ শিরোনামে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের ব্যাখ্যা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
গতকাল সন্ধ্যায় সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার দেওয়া বক্তব্যের একটি অংশ এমনভাবে প্রকাশিত হয়েছে, যা নিয়ে বিভ্রান্তি ও অস্পষ্টতা দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্বত্য চুক্তিকে সম্মান জানিয়ে জনসংহতি সমিতির একটি অংশ অস্ত্র জমা দেয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি ঠিক নয়। প্রকৃতপক্ষে সন্তু লারমা তাঁর বক্তব্যে বলেছেন, ‘পার্বত্য চুক্তিকে সম্মান জানিয়ে জনসংহতি সমিতির সদস্যরা যে চারটি মাঠে অস্ত্র জমা দিয়েছেন, তার মধ্যে এই মাঠে একটি অংশ অস্ত্র জমা দেয়।’