প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়
প্রথম আলোয় ১৬ জুন প্রকাশিত ‘প্রকল্প এগোয় না, খরচ বাড়ে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, সড়কের মাটির কাজ শতভাগ সম্পন্ন হলে প্রকল্পের অগ্রগতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক ১২ শতাংশ। প্রকল্প এলাকার ৬০ কিলোমিটার সড়কে ৫০ শতাংশ মাটির কাজ সম্পন্ন হয়েছে। সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে ৬০ শতাংশ। সার্বিকভাবে প্রকল্পের এ অংশে সম্পন্ন হওয়া ভৌত কাজের পরিমাণ পত্রিকায় প্রকাশিত পরিমাণের চেয়ে অনেক বেশি। মহাসড়ক চার লেনে উন্নীত করার ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ এবং বিভিন্ন সেবা সংস্থার স্থাপনা সরানোর কাজ জটিল ও সময়সাপেক্ষ। তার পরও এগুলো দ্রুততার সঙ্গে সরানোর চেষ্টা চলছে। ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে।জয়দেবপুর-মাওনা অংশের ঠিকাদার নিয়োগসংক্রান্ত জটিলতা সম্পর্কে যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অনিয়ম কিংবা গাফিলতি নয়, বরং জালিয়াতির কারণে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা হয়। জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত অংশের জন্য করা নতুন প্রাক্কলিত ব্যয়ের যে পরিমাণ প্রতিবেদনে প্রকাশ করা হয়, তা কল্পনাপ্রসূত।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে ভৌত কাজের যে পরিমাণ উল্লেখ করা হয়, তা সঠিক নয় বলে দাবি করলেও সঠিক পরিসংখ্যান কত, সেটা উল্লেখ করেনি যোগাযোগ মন্ত্রণালয়। কাজের অগ্রগতি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ হবে কি না, সে বিষয়ে প্রথম আলোর প্রতিবেদনে সংশয় প্রকাশ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় নানা কাজের ফিরিস্তি ও উদ্যোগের কথা বললেও নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে কি না, তা বলেনি। দরপত্র মূল্যায়ন কমিটি, সওজের প্রধান প্রকৌশলীর দপ্তর, মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি দপ্তর পর্যায়ক্রমে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থাকে। এতগুলো ব্যক্তি ও দপ্তরকে ফাঁকি দিয়ে ঠিকাদার নিয়োগ পেয়ে যায় এবং কাজ শুরুরও অনুমোদন দেওয়া হয়। অবহেলা ও দুরভিসন্ধি না থাকলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে এতগুলো দপ্তরের চোখ ফাঁকি দিয়ে নিয়োগ পায়? প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি প্রকল্প কার্যালয় থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।