প্রকাশিত সংবাদের সংশোধনী
১৯ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠার প্রথম কলামে ‘দশ থাপড়’ শীর্ষক প্রকাশিত সংবাদে কিছু তথ্যগত ত্রুটি ছিল। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘জামিন আবেদন বাতিল হওয়ায় এজলাসের ভেতরেই নিজের আইনজীবীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন মাদক মামলার আসামি আইয়ুব আলী।’প্রকৃত তথ্য হলো, ওই দিন আদালতের কার্যক্রম শুরু হলে আইয়ুব আলীর আইনজীবী প্রথমে আসামির জামিনের কোনো আবেদন করেননি। নিয়মমতো আদালতে আসামি আইয়ুব আলী ও ম্যানিলা চৌধুরীর বিরুদ্ধে করা মাদকদ্রব্যের একটি মামলায় অভিযোগ গ্রহণ শেষে মামলার কার্যক্রম শেষ করা হয়। এরপর অন্য একটি মামলার সাক্ষ্যগ্রহণকালে কাঠগড়ায় থাকা আসামি আইয়ুব আলী হঠাৎ চিৎকার-চেঁচামেচি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আসামির এই আচরণে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত আসামিকে নিবৃত্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ নির্দেশ পালন করে।