
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জড়িত’ শীর্ষক সাক্ষাৎকারের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শুক্রবার সম্পাদক বরাবর পাঠানো লিখিত চিঠিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘অতীব দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে, আপনার সংবাদপত্রে আজকে প্রকাশিত আমার সাক্ষাৎকারের বক্তব্য আমি একেবারেই গ্রহণযোগ্য মনে করি না। সচরাচর আমার সাক্ষাৎকার যাঁরা নেন তাঁরা জানেন যে, সেই সাক্ষাৎকারের খসড়া আমি দেখে দিই এবং আমার অনুমোদন ব্যতিরেকে তা কখনো প্রকাশিত হয় না।
সর্বজনাব সোহরাব হাসান ও ফখরুল ইসলাম ১৭ মার্চ আমার সঙ্গে অনেকক্ষণ বসে একটি সাক্ষাৎকার নেন। সেখানে সাক্ষাৎকারের বাইরেও নানা বিষয় আলোচিত হয় এবং অনেক বিষয়ে আমি সাবধান করে দেই যে, তা প্রকাশিতব্য নয়। সচরাচর আমার পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হলে তার খসড়াটি সাক্ষাৎকারীরা আমাকে দেখে দিতে প্রদান করেন এবং আমার সম্পাদিত সাক্ষাৎকারই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারে সেই রুটিন প্রতিপালিত হয়নি। এই সাক্ষাৎকারে বিশেষ করে প্রতিভাত হলো যে, বয়সের চাপে আমি এখন সদা সতর্ক থাকতে পারি না।
আপনার কাছে বিনীত অনুরোধ যে, কালকের কাগজে প্রথম পৃষ্ঠায় বড় হরফে জানিয়ে দেবেন যে, এই সাক্ষাৎকারটি প্রকাশ করা আমার চূড়ান্ত অনুমোদন ছাড়া হয়েছে এবং এর বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়।’
প্রথম আলোর বক্তব্য
গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারটি দেওয়ার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাক্ষাৎকারটি প্রকাশের উদ্দেশ্য ছিল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির পর অর্থমন্ত্রী তথা সরকারের গৃহীত পদক্ষেপ এবং ব্যাংক ও আর্থিক খাতের সার্বিক বিষয়ে পাঠককে জানানো। সাক্ষাৎকার গ্রহণের সময় তিনি যেসব বিষয়ে ‘অফ দ্য রেকর্ড’ কথা বলেছেন কিংবা যেসব বিষয় প্রকাশ করতে নিষেধ করেছেন, সেসব বিষয় আমরা প্রকাশ করিনি।
গত ২১ মাসে দেশের ভেতরে ও বাইরে নেওয়া মাননীয় অর্থমন্ত্রীর পাঁচটি সাক্ষাৎকার প্রথম আলোতে ছাপা হয়েছে। সেসব সাক্ষাৎকার প্রকাশের আগে তাঁকে খসড়া দেখিয়ে নেওয়ার প্রসঙ্গ ওঠেনি। গত বৃহস্পতিবার সাক্ষাৎকার নেওয়ার পরও খসড়া দেখানোর বিষয়টি আলোচিত হয়নি। তবে অর্থমন্ত্রীর পাঠানো ব্যাখ্যা আজ হুবহু প্রকাশ করা হলো।
জনাব আবুল মাল আবদুল মুহিত বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, কূটনীতিক এবং লেখক। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং তা সব সময় অটুট থাকবে।
—বার্তা সম্পাদক
আরও পড়ুন: