প্রকাশিত হলো ক্যারিয়ার ক্যারিশমা-সাফল্যের সাতপাঠ
প্রকাশিত হলো ক্যারিয়ার বিষয়ক বই ক্যারিশমা-সাফল্যের সাতপাঠ। বইটি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা। বইটির প্রকাশনা উপলক্ষে আজ শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি বেরিয়েছে আলোঘর প্রকাশনা থেকে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময় তরুণেরা ক্যারিয়ার নিয়ে ভাবছেন। তাঁদের মধ্যে অনেক স্বপ্ন এবং সম্ভাবনা রয়েছে। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তাঁরা অনেক সময় ভুল পথে পরিচালিত হচ্ছেন। এ ক্ষেত্রে ক্যারিয়ার সম্পর্কে জানতে ও বুঝতে ক্যারিশমা-সাফল্যের সাতপাঠ বইটি অনেক সহায়ক হবে বলে মনে করেন বক্তারা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরামর্শক সঞ্জয় কুমার অধিকারী, প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য এম. আবদুস সোবাহান, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব প্রমুখ।