প্রকাশিত হয়েছে 'মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়'

বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ মোহাম্মদ আলী। মুষ্টিযোদ্ধা হিসেবে আলী যখন বিশ্বে তুমুল জনপ্রিয়, সেই ১৯৭৮ সালে তিনি পাঁচ দিনের সফরে বাংলাদেশ আসেন। সেই বর্ণাঢ্য সফরকে ঘিরে রয়েছে নানা ঘটনা। সেসব নিয়ে লেখা মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয় প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন মুহাম্মদ লুত্ফুল হক।
মোহাম্মদ আলী শুধু একজন মুষ্টিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অভিনেতা, গায়ক, লেখক, কবি, বক্তা, শান্তিবাদী নেতা ও গরিবের বন্ধু। ১৯৬৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম ‘ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র’ বদলে রাখেন ‘মোহাম্মদ আলী’। ১৯৬৭ সালে মার্কিন নাগরিক হিসেবে তাঁকে ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে বলা হয়। কিন্তু তিনি এ যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেন। এ কারণে তাঁর হেভিওয়েট শিরোপা কেড়ে নেওয়া হয়, বাতিল করা হয় মুষ্টিযুদ্ধের লাইসেন্স। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে ১৯৭১ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান এবং আবার মুষ্টিযুদ্ধের জগতে ফিরে আসেন।
১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরকালে মোহাম্মদ আলী ঢাকা ছাড়াও ঘুরে বেড়ান চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও কাপ্তাইয়ে। বাংলাদেশের কিশোর মুষ্টিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে ঢাকায় এক প্রদর্শনী মুষ্টিযুদ্ধে অংশ নেন। এ সময় ‘মোহাম্মদ আলী গোজ ইস্ট: বাংলাদেশ-আই লাভ ইউ’ নামক একটি তথ্যচিত্রে তিনি অভিনয় করেন। তখন তাঁকে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব আর বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়।
বাংলাদেশে যেখানেই তিনি গেছেন, সেখানে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছে। এ দেশের মানুষের আতিথেয়তায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা অভিভূত হন। বাংলাদেশের জনগণকে ‘চমৎকার’ ও এ দেশকে ‘স্বর্গ’ বলে উল্লেখ করেন তিনি।
কিংবদন্তি মহানায়ক মোহাম্মদ আলীর সপরিবার বাংলাদেশ সফরের সচিত্র বর্ণনা রয়েছে এ বইয়ে; যাতে একজন রসিক, সজ্জন ও বাংলাদেশপ্রেমী বিশ্ববিখ্যাত মানুষের জীবন ও ব্যক্তিত্বের নানা দিক উঠে এসেছে। শাহবাগ আজিজ মার্কেট এবং কারওয়ান বাজারে প্রথমার বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে অন্যান্য পুস্তক বিপণিতে। বইটির দাম ২৫০ টাকা।