প্রকাশ্য দরপত্র ছাড়াই ১৩ লাখ টাকার কার্যাদেশের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের বিরুদ্ধে এবার প্রকাশ্য দরপত্র এবং কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ১৩ লাখ টাকার কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদারেরা প্রধান নির্বাহী প্রকৌশলী ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন। এর আগে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় কোটি টাকার কাজের দরপত্র নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১২ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৩৭টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় হবিগঞ্জের জন্য ১২ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ হয়। এ টাকায় পৌর এলাকার চারটি পাম্প হাউস, ওভারহেড পানির ট্যাংক ও পানি শোধনাগারের মেরামতকাজ সম্পন্ন করার কথা।অভিযোগ উঠেছে, জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কাজটির কোনো প্রকার উন্মুক্ত দরপত্র বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি না দিয়ে একটি প্যাকেজে তিনটি লটে তা রাজধানী ঢাকার আজিমপুরের মেসার্স আহম্মেদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে দিয়েছে। তবে অফিশিয়ালি ৭ জুলাই ২০১১ তারিখে নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম স্বাক্ষরিত এক গোপন দরপত্র দেখানো হয়েছে। আর এর বিপরীতে কার্যাদেশ দেখানো হয়েছে গত ৫ অক্টোবর। কাজটিতে ওই প্রতিষ্ঠানটিকে ৫ ভাগ উদ্বৃত্ত দরদাতা হিসেবে দেখানো হয়। কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানটি পরে হবিগঞ্জ পৌর এলাকায় কাজ শুরু করলে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঠিকাদারদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তাঁরা খোঁজ নিয়ে তাদের অভিযোগের ব্যাপারে নিশ্চিত হন। স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কবির ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন রেজা বলেন, ‘এ দপ্তরের অধীনে আমরা অর্ধশত ঠিকাদার রয়েছি। অথচ কোনো ধরনের দরপত্র ছাড়াই অর্থের বিনিময়ে আহম্মেদ এন্টারপ্রাইজকে কাজটি দেওয়া হয়েছে।’ অপর ঠিকাদার মেসার্স শাহীন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহাবুদ্দীন খান বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কাজে কোনো স্বচ্ছতা নেই। তারা দরপত্র নিয়ে বারবার জাল-জালিয়াতি করে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও সহযোগিতা পাচ্ছি না। যে কারণে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করেছি।’এ বিষয়ে হবিগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। এ ঘটনা ঘটেছে তাঁর যোগদানের আগে। এদিকে চেষ্টা করেও সাবেক ওই নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।