প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। প্রচারণার সময় প্রকাশ্যে প্রদর্শন করেছেন আগ্নেয়াস্ত্র। এভাবে তিনি এলাকায় ভীতি ছড়াচ্ছেন বলে অভিযোগ দিয়েছেন দলটির মনোনীত প্রার্থী।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেন। দলীয়ভাবেও তাঁকে পৃথক নোটিশ দেওয়া হয়। এ ছাড়া পুলিশ মেয়রের আগ্নেয়াস্ত্রটি জব্দ করেছে।
গোয়ালকান্দি ইউপিতে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন দলটির উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক আবদুস সালাম।
মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলটির ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর সরকার। তাঁর পক্ষে প্রচারণায় নেমেছেন তাহেরপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রত্যক্ষদর্শী সাত-আটজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মেয়র ২৫-২৬ জন সহযোগী নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নে আসেন।
বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীর পথসভায় অংশগ্রহণ শেষে তিনি রাত সাড়ে আটটার দিকে গোয়ালকান্দি বাজারে আসেন। এ সময় তাঁর কোমরে পিস্তল ঝোলানো ছিল। তবে বক্তব্য শুরুর আগে তিনি আগ্নেয়াস্ত্রটি বের করে নেন।
ঘটনার সময় মেয়রের তিনজন সহযোগীও অস্ত্র হাতে মহড়া দেন। এর ফলে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় অনেকে সভাস্থল ত্যাগ করেন।
আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম অভিযোগ করেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার মাধ্যমে মেয়র ও বিদ্রোহী প্রার্থী তাঁর লোকজনকে ভয় দেখাচ্ছেন।
এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানা-পুলিশকেও লিখিতভাবে জানিয়েছেন তিনি। কিন্তু তিনি প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেন না।
এদিকে আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়ার বিষয়ে মেয়র আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চার দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।
অভিযোগের বিষয়ে মেয়র আবুল কালাম বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে দলীয় প্রার্থী করা হয়েছে।
এ কারণে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন, যিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। প্রকাশ্যে পিস্তল প্রদর্শন প্রসঙ্গে তিনি বলেন, গত ২৯ এপ্রিল ওই ইউনিয়নে তাঁর ওপর হামলার প্রস্তুতি নেওয়া হয়। তাই নিরাপত্তার জন্য তিনি আগ্নেয়াস্ত্রটি বহন করেন।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম উদ্দিন বলেন, ‘মেয়র সাহেব যেভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছেন, তা তিনি পারেন না। এতে ভীতি সৃষ্টি হবে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর মেয়রের পিস্তলটি গতকাল মঙ্গলবার বিকেলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পর মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার তিনি নোটিশের জবাব দিয়েছেন। সেটি পড়ে দেখার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।