প্রকাশ্যে গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় গত বুধবার সামাজিক বনায়নের প্রায় ৫০টি গাছ এলাকার চিহ্নিত কিছু ব্যক্তি কেটে নিয়ে গেছে। এসব গাছের মধ্যে ১৩টি গাছের ৩২টি খণ্ড গত শুক্রবার বন বিভাগ উদ্ধারের পর মামলা করে। কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সামাজিক বনায়ন কর্মসূচির সদস্য (উপকারভোগী) ফুলো বালা অভিযোগ করেন, ‘গাছগুলা সমিতির সদস্য হিসাবে লাগাইছি, পাহাড়া দিছি, এলা সেবু চৌধুরী (ফিরোজুল ইসলাম চৌধুরী) পাইকারক ডাকে বেচায়ছে। সেবু ছাড়া এঠে কাও গাছ কাটে না। এইবারসহ তিন চালান (তিন দফায়) গাছ কাটিল। হামরা কষ্ট করি গাছ লাগানো, আর ফল খায়ছে মানুষ।’ ওই এলাকার টন্না বর্মণ, নুরুজ্জামান, নূর মোহামঞ্চদ, অমূল্য রায়সহ অনেকে জানান, বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে ফিরোজুল ইসলামের লোকজন ইউকেলিপটাস, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নিয়ে যায়। কে এই ফিরোজুল ইসলাম জানতে চাইলে তাঁরা বলেন, তিনি জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের বাসিন্দা। এলাকায় তিনি বেশ প্রভাবশালী। এর আগেও তাঁর বিরুদ্ধে গাছ ও ধান কাটাসহ একাধিক মামলা হয়েছে।অভিযুক্ত ফিরোজুল ইসলাম চৌধুরী গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, ‘বুধবার আমি নীলফামারীতে বিএনপির ইফতার মাহফিলে ছিলাম।’ এর আগেও পানি উন্নয়ন বোর্ড তাঁর বিরুদ্ধে গাছ কাটার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিল বলে স্বীকার করে তিনি বলেন, ‘সাম্প্রতিক আমি জড়িত ছিলাম না। তার পরও যদি আমার বিরুদ্ধে বন বিভাগ মামলা করে তাহলে কী আর করার আছে!’ উপজেলা বন কর্মকর্তা আবদুল মোনায়েম বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে আমি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জলঢাকা পৌর এলাকার একটি স মিল (করাতকল) থেকে ১৩টি গাছের ৩২টি খণ্ড উদ্ধার করেছি।’ এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শুক্রবার ফিরোজুল ইসলাম চৌধুরীসহ সাত-আটজনকে আসামি করে বন আইনে একটি মামলা করেছেন।