প্রকাশ্যে ঘুরে বেড়ালেও জড়িত কাউকে আটক করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নাঈমুল ইসলাম
নিহত নাঈমুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বন্দ্বে শিক্ষার্থী নাঈমুল ইসলাম ওরফে রিয়াদ নিহত হওয়ার এক দিন পরও জড়িত কাউকে আটক করেনি পুলিশ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বন্দ্বে গত সোমবার দুপুরে পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুলকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ানোর পরও প্রধান সন্দেহভাজন ব্যক্তিদের না ধরার ব্যাপারে গতকাল মঙ্গলবার যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে। এজাহার দেওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। হত্যাকাণ্ডে জড়িত বলে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা যেকোনো মুহূর্তে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন—লোকজনের এমন আশঙ্কার কথা জানালে তিনি বলেন, মামলা না হওয়ায় তাঁদের আটক করা যাচ্ছে না।

পুলিশ সুপারের এ বক্তব্যের পর গতকাল সন্ধ্যায় নাঈমুলের মামা রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা সুব্রত ও শামীমসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

শিক্ষার্থী খুনের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল সকাল থেকে হল ত্যাগ করেন শিক্ষার্থীরা l প্রথম আলো
শিক্ষার্থী খুনের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল সকাল থেকে হল ত্যাগ করেন শিক্ষার্থীরা l প্রথম আলো

এদিকে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুব্রত ও শামীম। তাঁরা বলেন, তাঁদের বহিষ্কার করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় হয়েছে।

ছাত্রলীগ নেতার এই অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে দায়ী করার চেষ্টা করছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে খুনে জড়িত থাকার সন্দেহে ওই দুই ছাত্রসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সোমবার রাতে ছাত্ররা ও গতকাল সকালে ছাত্রীরা হল ছেড়ে চলে গেছেন।

সরকারের সহযোগিতা কামনা: এদিকে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির পরিচালনার দায়িত্বে থাকা সর্বোচ্চ ফোরাম ‘রিজেন্ড বোর্ডের’ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চার ছাত্রকে বহিষ্কারের একাডেমিক কাউন্সিলের সোমবারের সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়।বৈঠকে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা ঠিক রাখতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বৈঠক শেষে উপাচার্য বলেন, শিক্ষার পরিবেশ ঠিক রাখার স্বার্থে ছাত্র আচরণবিধি অনুযায়ী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তার পরও ক্যাম্পাসে ছাত্রলীগ প্রকাশ্য কার্যক্রম শুরু করে। তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা মানেনি।

স্মারকলিপি পেশ: হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে গতকাল স্মারকলিপি দাখিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি।