প্রকাশ্যে জুয়া বন্ধ হয়েছে কমেছে নারী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা রাত জুয়া খেলে সর্বস্ব খুইয়ে বাড়ি ফেরা। বউকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া। এতে স্ত্রী অপারগতা প্রকাশ করলে পিটুনি। জামালপুরের বহু পরিবারের চিত্র ছিল এ রকমই।
কিন্তু পুলিশের তৎপরতায় গত ছয় মাস ধরে এ অবস্থায় পরিবর্তন এসেছে। বন্ধ হয়েছে প্রকাশ্যে জুয়া খেলা। যৌতুকের জন্য নারীদের ওপর নির্যাতনও কমেছে।
গত নভেম্বরের শেষ ভাগে পরিচালিত মাসব্যাপী এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ প্রকল্পের অধীনে এ সমীক্ষা চালানো হয়। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পৃষ্ঠপোষকতায় জেলা পুলিশ ওই প্রকল্প বাস্তবায়ন করছে।
স্থানীয় অনেকে জানান, ফসল ঘরে এলেই জামালপুরের বিভিন্ন উপজেলায় জুয়ার আসর বসত। মাইকযোগে প্রচার করে, প্যান্ডেল বানিয়ে জুয়ার আসর চালানো হতো। কিন্তু পুলিশের অভিযানের কারণে গত ছয় মাসে প্রকাশ্যে জুয়ার কোনো আসর বসেনি।
সমীক্ষার তথ্য অনুযায়ী, গত চার বছরে জামালপুরে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে এক হাজার ৭৭৮টি। এর মধ্যে ২০১২ সালে নারী নির্যাতনের মোট মামলা ছিল ৫২৫টি। ২০১১ সালেও এই সংখ্যা ছিল ৫২৫টি। ২০১০ সালে ছিল ৫৪২টি। ২০১৩ সালে এই সংখ্যা ৩৫১টিতে নেমে এসেছে।
সমীক্ষার তথ্যমতে, ২০১৩ সালে যৌতুকের জন্য ১৩৬ জন (৩৯ শতাংশ) নারী নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনা নেমে এসেছে ২১ শতাংশে (৭১টি)। তবে বেড়েছে অপহরণের (যার বেশির ভাগই প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ার ঘটনা) মামলার সংখ্যা। এ ধরনের মামলা রয়েছে ১৩৭টি (৪০ শতাংশ)।
পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, জামালপুরে প্রকাশ্য জুয়া বন্ধ করে দেওয়ায় বহু সংসারের অশান্তি কমেছে। পাশাপাশি নারী নির্যাতনও কমেছে উল্লেখযোগ্য হারে। গত আগস্ট মাসে জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও শেরপুর জেলার ১৬ জন জুয়ার আয়োজককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ছয় মাস করে সাজা হয়।