প্রকাশ্যে ধূমপানের অপরাধে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে ধূমপানের অপরাধে গাজীপুরে ১৭ জনকে প্রায় তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের নির্বাহী হাকিম নাহিদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান।
একই দিন অপর একটি আদালত গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পোলট্রি ফিড বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা এবং মূল্যতালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে আদালত চত্বর, জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা ও ট্রেনে অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপানের অপরাধে আদালত ১৭ জনকে দুই হাজার ৯৯০ টাকা জরিমানা করেন।
গতকাল দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে সদরের চান্দনা চৌরাস্তা এলাকার বাবুল রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও বিক্রমপুর রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা না থাকায় চালের দোকানের মালিক বাচ্চু সরকার ও মাংসের দোকানের মালিক জাহাঙ্গীরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। একই আদালত হাড়িনাল বাজার এলাকার উত্তরা ফিড অ্যান্ড ফিশের গুদামে অভিযান চালিয়ে চার হাজার ৩০০ কেজি মেয়াদোত্তীর্ণ পোলট্রি ফিড পান। এসব খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে এসব মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মালামাল ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।