প্রকাশ্যে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে চাপ আতঙ্কে ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে গোপন কক্ষে ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার ভোটাররা।
গতকাল শনিবার রাঙ্গাবালী ইউনিয়নের সাধারণ ভোটারদের উদ্যোগে উপজেলার খালগোড়া বাজারের চৌরাস্তায় বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া রাঙ্গাবালী সদর ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, উপনির্বাচনে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. হুমায়ূন কবির তালুকদারের সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ব্যালট দেখিয়ে ভোট দিতে হবে বলে তাঁরা চাপ দিচ্ছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ভোটারদের উদ্যোগে ভোটকেন্দ্রের নিরাপত্তা, বুথের গোপনীয়তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জানতে চাইলে হুমায়ূন কবির তালুকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো সমর্থক কাউকে ভয়ভীতি দেখাচ্ছে না। এ অভিযোগ ভিত্তিহীন। আমরাও চাচ্ছি, শান্তিপূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হোক।’
রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিক বলেন, ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
গত ১৭ ডিসেম্বর রাঙ্গাবালী ইউপির চেয়ারম্যান মো. নজরুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়। ১৯ মার্চ এই পদে উপনির্বাচন হবে। এতে হুমায়ূন কবির তালুকদার ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজি ও যুবদলের সাবেক নেতা মো. আনোয়ারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।