প্রকাশ্যে নৌকায় ভোট ভোলাজুড়ে সহিংসতা
ভোট গ্রহণের আগে থেকেই আতঙ্কিত ছিল দ্বীপ জেলা ভোলার মানুষ। তারা বলাবলি করেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটাররা নিজের পছন্দে ভোট দিতে পারবেন না। শেষ পর্যন্ত তা-ই হলো।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ৩৬টি ইউনিয়নের প্রায় সবকটিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীদের ভোট দিতে ভোটাররা বাধ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা নিজেরাই ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় ভোট দিয়েছেন। বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকেরা কেন্দ্রে না থাকায় এ কাজটি হয়েছে বাধাহীনভাবে।
অন্যদিকে সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট নিয়ে জেলাজুড়েই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি ও বেসরকারি তথ্য মিলিয়ে শতাধিক কেন্দ্রে সহিংসতা হয়েছে। এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ২০০ লোক আহত হয়েছে।
গতকাল ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমুদ্দিন উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে প্রতিটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতীকে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে।
ভোট গ্রহণ চলার সময়ই বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিলিয়ে ১০ জন চেয়ারম্যান ও ৫ জন সদস্য পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলন করে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘প্রহসনের’ এই নির্বাচন তাঁরা মানেন না। কারণ, এতে ভোটারদের ভোটাধিকার খর্ব করা হয়েছে। এ জন্য তাঁরা ভোলার প্রতিটি ইউনিয়নে নতুন করে নির্বাচন চান।
সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ সরদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকালেই এক দফা মারামারি হয়েছে। সোয়া আটটায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে লম্বা লাইন। স্কুলটির দোতলার ৩ নম্বর বুথে নৌকার ব্যাজ পরা এক তরুণ সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে তদারক করছেন। যাঁরা ভোট দিতে আসছেন, তাঁদের চেয়ারম্যান পদে ওই তরুণের সামনেই ভোট দিতে হচ্ছে। মাঝেমধ্যে তিনিই ব্যালট দেখে বাক্সে ভরছেন।
প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম জাকির হোসেন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘কিছুই করার নেই। আপনিও এ দেশের মানুষ, আমিও।’
একই উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ১ নম্বর বুথে গিয়ে দেখা যায়, এখানেও নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মেরে বাক্সে ফেলা হচ্ছে। শুধু সদস্যপদের ব্যালট পেপার ভোটারদের হাতে ধরিয়ে ভোট দিতে গোপন কক্ষে পাঠানো হচ্ছে। কাজটি করছেন সরকারি দলের নেতা-কর্মীরা।
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষের দরজা বন্ধ করে ভোট দেওয়া হচ্ছিল। উঁকি দিয়ে দেখা যায়, সেখানে সবার সামনে নৌকা প্রতীকে ভোট দেওয়া হচ্ছে।
এদিকে বেলা পৌনে তিনটায় ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, একের পর এক রক্তাক্ত মানুষ আসছেন। চিকিত্সক সুমাইয়া আক্তার বলেন, এ পর্যন্ত প্রায় ৯০ জন আহত অবস্থায় এসেছেন।
নিপ্পন নামের পুলিশের এক সদস্য পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জানালেন, দক্ষিণ জয়নগর এলাকার একটি কেন্দ্রে সহিংসতা ও ব্যালট ছিনতাই ঠেকাতে গিয়ে গুলি খেয়েছেন।
ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ৪০টি কেন্দ্রে সহিংসতার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
লালমোহন উপজেলার ধলীগৌরনগর, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়ন, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগরসহ শতাধিক কেন্দ্রে সদস্য পদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে তিনটি ইউনিয়নের সাত কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।