প্রকাশ্যে বিক্রি হচ্ছে জলপিপি
জলার পাখি জলপিপি। শিকার ও বিক্রি আইনত নিষিদ্ধ হলেও সিলেট নগরে বিরল এই পাখি বিক্রি হচ্ছে প্রকাশ্যে। নগরের ব্যস্ততম বন্দরবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার জলপিপির কেনাবেচা দেখা গেছে।সিলেট নগরের বন্দরবাজার সড়কের ফুটপাতজুড়ে রয়েছে হাঁস-মুরগি-কবুতর বিক্রির আড়ত। স্থানীয় লোকজন জানান, ভ্রাম্যমাণ মুরগিবিক্রেতারা ওই এলাকায় পাখি বিক্রি করেন। গতকাল দুই দফা সরেজমিনে দেখা যায়, কয়েকজন বিক্রেতা বন্দরবাজারের একটি সরু গলিতে বেশ কিছু জলপিপি রেখেছেন। সেখান থেকে চাহিদামতো পাখি এনে ফেরি করে বিক্রি করছেন তাঁরা। ক্রেতা সেজে জানতে চাইলে একজন বিক্রেতা জানান, গতকালই তিনি প্রথম জলপিপি বিক্রি করেছেন। কোন জায়গা থেকে এ পাখি এনেছেন—জানতে চাইলে তিনি জানান, সিলেটের বিভিন্ন চা-বাগানের পুকুর ও জলাশয় থেকে শিকারিরা রাতের বেলা ফাঁদ পেতে ধরে তাঁদের কাছে পাইকারি দরে বিক্রি করেছেন। জলপিপি বিক্রেতারা জানান, এক ‘মুঠো’ (ছয়টি) জলপিপি তাঁরা ৯০০ টাকা করে কিনেছেন। তাঁরা এক মুঠোর দাম হাঁকছেন দুই হাজার টাকা। গতকাল এক মুঠো জলপিপি এক হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।লালবাজার এলাকার মুরগির কয়েকজন আড়তদার জানান, বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ মুরগিবিক্রেতারা পাখি বিক্রি করেন। তাঁরা পাখি পেলে আর মুরগি বিক্রি করেন না। এতে তাঁদের ব্যবসার ওপর বিরূপ প্রভাব পড়ে। তাঁরা বলেন, গতকাল সকাল থেকে ভ্রাম্যমাণ মুরগিবিক্রেতাদের হাতে জলপিপি থাকায় ওই সময় মুরগি বিক্রিও তুলনামূলক কম হয়েছে। মুরগির ক্রেতারাই শখের বশে জলপিপি কিনেছেন। পাখি বিশেষজ্ঞ শরীফ খান প্রথম আলোকে জানান, জলার পাখি জলপিপি বিরলতম দেশি পাখি হিসেবে চিহ্নিত। জলপিপির ইংরেজি নাম Jacana। বাংলাদেশে এই পাখি এখন কেবল হাওর ও চা-বাগানের জলাশয়ে দেখা যায়। ফাঁদ পেতে ও বন্দুক দিয়ে যেভাবে শিকার তৎপরতা চলে, তাতে অনেক আগেই জলপিপি বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু এ পাখির প্রজননক্ষমতা বেশি। বছরে তিন থেকে চারবার বাচ্চা দেয় জলপিপি। এ জন্য বিপন্ন হয়েও টিকে আছে। বিরল এ পাখি প্রকাশ্যে বিক্রি হচ্ছে জেনে বিস্মিত শরীফ খান বলেন, শিকার-তৎপরতা বন্ধ না করলে অচিরেই জলপিপি মহাবিপন্ন পাখির তালিকায় চলে যাবে এবং একসময় হারিয়ে যাবে। বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের পরিদর্শক দল পাখি বিক্রি ও শিকারবিরোধী অভিযান চালায়। তাদের কর্মতৎপরতা নিয়মিত না হওয়ায় ইতিবাচক কোনো পরিবর্তন আসছে না। সিলেটের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল বলেন, বন্দরবাজারে বিরল পাখি জলপিপি বিক্রির ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।