প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনার দাবি!
রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের এক ছাত্রকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনার দাবিতে গতকাল বুধবার চিকিৎসা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস ঘেরাও করে তাঁরা বিভাগীয় প্রধানকেও এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।ইউনিট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ডেন্টাল ইউনিটে চিকিৎসা দিতে দেরি হওয়ায় এক রোগীর অভিভাবক ইউনিটের শেষ বর্ষের ছাত্র সুমন কুণ্ডুকে থাপ্পড় মারেন। ঘটনার পরই শিক্ষার্থীরা বিষয়টি ইউনিট প্রধান ওবাইদুর রহমানকে জানালেও তিনি ওই দিন কোনো পদক্ষেপ নেননি। গতকাল সকালে সেই রোগীর অভিভাবক আবার ডেন্টাল ইউনিটে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ছাত্রদের দাবি, তাঁকে জাদুঘরের মোড়ে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইউনিটের চিকিৎসকেরা এটাকে অমানবিক মনে করে হাসপাতালের ভেতরে মীমাংসা করতে বলেন। ছাত্ররা রাজি না হয়ে গতকাল বেলা ১১টা থেকে ইউনিটের সব চিকিৎসা কার্যক্রম ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর সড়কও অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সড়ক থেকে তুলে দিলেও তাঁরা ইউনিট ঘেরাও করে রাখেন। দুপুর ১২টার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।জানতে চাইলে ইউনিটের প্রধান ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিবেকের তাড়নায় এক দিন পরে ক্ষমা চাইতে হাসপাতালে এসেছেন। তিনি সারা রাত ঘুমাতে পারেননি।তিনি বারবার হাত ধরে ক্ষমা চাচ্ছেন। অথচ ছাত্ররা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলছেন। এটা অমানবিক দাবি। যাহোক পরে তাঁদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।