প্রকাশ্যে সিল, জাপার প্রার্থীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর ওপর দুই দফা হামলা হয়েছে। এ ছাড়া নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে।
এদিকে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা অভিযোগ করেছেন, সব কেন্দ্র থেকেই তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ ভালো দেখা যায়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১২টার পর কেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায়।
সকাল নয়টায় ১ নম্বর ওয়ার্ডের চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ওই সময় যুবলীগের কয়েকজন কর্মীকে নারী ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে দেখা যায়। অন্য কয়েকজন কর্মী নারী ভোটারদের মেয়র পদের ব্যালট তাঁদের হাতে দিয়ে দিতে বলেন। ওই কেন্দ্রের একটি বুথে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিনকে দেখা যায়। তিনি বলেন, তিনি ভোটের পরিবেশ দেখতে এসেছেন।
সকাল সোয়া ১১টায় ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চর হাসান হোসেন এ আখের সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভেতরে দুটি নারী বুথে দুজনকে ভোটারদের কাছ থেকে মেয়র পদের ব্যালট নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। তবে কাউন্সিলর পদের ব্যালট ভোটারদের হাতে দেওয়া হয়।
ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর সাত্তার বেগ বলেন, এ রকম কোনো ঘটনা তিনি দেখেননি অথবা কেউ কোনো অভিযোগও করেননি। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তিনি সতর্ক আছেন।
এ কেন্দ্রের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আখের অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জান্টু চন্দ্র দাসের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর এজেন্টদের বের করে দেন।
বেলা তিনটার দিকে ৮ নম্বর ওয়ার্ডে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম লোকজন নিয়ে ব্যালটে সিল মারতে গেলে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মুর্তাজা আল-আমিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহবুবুল আলমের শ্যালক বড়খেরি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শিপন, মুর্তাজা আল-আমিনের সমর্থক আহসান উল্লাহ, পথচারী মো. হাছান ও আলেকজান্ডার ইউপি সদস্য কারিমুল হকসহ অন্তত পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, বেলা তিনটার দিকে ৯ নম্বর ওয়ার্ডে চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুকুল ইসলামের লোকজন ব্যালটে সিল মারার চেষ্টা করেন। এ সময় প্রতিদ্বন্দ্বী অন্য কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। ওই সময় র্যাব-পুলিশের লাঠিপেটায় ফারুকুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী মো. নিজাম উদ্দিনসহ অন্তত চারজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়কেন্দ্রে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জাপার প্রার্থীর ওপর হামলা চালান। দুপুর ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে উত্তর চর হাসান হোসেন এ আখের সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যুবলীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালান।
লাঙ্গল প্রতীকের প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী বলেন, তাঁর ওপর দুই দফা হামলা ছাড়াও নৌকা প্রতীকের লোকজন সব কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
বিএনপির প্রার্থী সাহেদ আলীর অভিযোগ, বেলা ১১টার মধ্যে সব কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন। ৫ নম্বর ওয়ার্ডে মধ্য চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাঁর প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এহেতেশামুল হককে মারধর করেন। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করে তিনি পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন বলেন, এলাকায় আওয়ামী লীগের উন্নয়ন ও তাঁর স্বচ্ছ ইমেজের কারণে ভোটাররা তাঁকে গ্রহণ করে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। ভোট কারচুপির দরকার হয়নি। জাপা প্রার্থীর ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জাপা প্রার্থী তাঁর হলফনামায় ৭৫টি মামলার তথ্য দিয়েছেন। এত মামলার যিনি আসামি, তাঁর বিরুদ্ধে জনরোষ থাকা অস্বাভাবিক নয়। তাঁর দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনই ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালিয়ে থাকতে পারেন। এর সঙ্গে আওয়ামী লীগ বা তাঁর লোকজন জড়িত নন।
রিটার্নিং অফিসার এস এম শফি কামাল বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। বিএনপি ও জাপা প্রার্থীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।