বেলা আড়াইটা। কেন্দ্র দখল করে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের একটি কক্ষে তালাবদ্ধ করা হলো। তারপর শুরু হলো সিল মারা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা মিলে বিকেল চারটার পরও ভোট দিতে লাগলেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ গিয়ে তাঁদের কেন্দ্র থেকে বের করে দেয়।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
এর আগে ওই কেন্দ্রে বেলা একটার দিকে কেন্দ্র দখল নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের উপজেলা আহ্বায়ক নাসিরুল ইসলাম আওলাদসহ অন্তত ১০ জন আহত হন। পরে উভয় দল মিলে কেন্দ্রটি দখলে নেয়। এটি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নুর এলাকা।
গতকাল ষষ্ঠ ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা ইউনিয়নের ইন্দাচুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিও দখল করে নেন। সেখানেও তাঁরা বিকেল পাঁচটা পর্যন্ত সিল মারেন।
একই চিত্র পাওয়া গেছে হোসেনপুর উপজেলাতেও। সেখানে ভোট শুরু হওয়ার পর থেকেই শাহেদল ইউনিয়নের কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এস আর ডি শামসুদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্র দখলে নিয়ে সিল মারেন আওয়ামী লীগের কর্মীরা। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা আগে আবার কেন্দ্রগুলো দখলে নেন আওয়ামী লীগের কর্মীরা।
সকাল সাড়ে ১০টার দিকে করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নেন আওয়ামী লীগের কর্মীরা। এ নিয়ে বিএনপির কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষে বাধে। তাতে প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমানসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার না হওয়ায় বেলা ১১টার দিকে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম নিশ্চিত করেছেন।
এ ছাড়া ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গাগালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর কেন্দ্র, পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট চিনিকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত মতিয়ুর রহমান, সাইফুল ইসলাম ও সুমি আক্তারকে ঢাকায় পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের ঝাউগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ভোটাররা প্রকাশ্যে সিল মারছেন। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘গরমের মধ্যে অনেক ভোটার বুথে যেতে চায় না। এ জন্য হয়তো প্রকাশ্যে সিল মারছে।’
পরে ওই ইউনিয়নের চরফরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও এগারসিন্দুর ইউনিয়নের বঙবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের এজেন্ট ছাড়া আর কোনো দলের এজেন্ট নেই। বাইরে বিএনপির প্রার্থী ও এজেন্টরা অভিযোগ করেন, তাঁদের সকালেই বের করে দিয়েছেন সরকারি দলের নেতারা।
শেষ ধাপে জেলার পাঁচ উপজেলা করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, পাকুন্দিয়া ও হোসেনপুরের ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।