প্রকাশ্যে ১১ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ২
ব্যস্ত রাস্তায় দুজনকে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে।পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনার শিকার হওয়া কামাল খান (৩৫) ও মো. মোমেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন আরামবাগের গাড়ি ক্রয়-বিক্রয়ভিত্তিক প্রতিষ্ঠান ভিলেজ কার সেন্টারের কর্মী বলে জানা গেছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. খোকন জানান, গতকাল বিকেলে কামাল ও খোকন শান্তিনগর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বিজয়নগর শাহজালাল ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিজয়নগরে ওই ব্যাংকের নিচে আসার পরপরই চারটি মোটরসাইকেলে করে আট ব্যক্তি এসে তাঁদের ঘিরে ফেলে। সন্ত্রাসীরা কামালের বাঁ পায়ে ও মোমেনের ডান পায়ে দুটি গুলি করে ব্যাগসহ টাকা নিয়ে পালিয়ে যায়। খোকন জানান, এ সময় রাস্তায় অসংখ্য লোক থাকলেও কেউ ভ্রুক্ষেপ করেনি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।পল্টন থানা পুলিশ জানায়, কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।