প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন হত্যা মামলার আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় পর পর চারটি হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে আবদুল করিম। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে উল্টো বাদী ও নিহতদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন। এ ছাড়া দুই হত্যা মামলার আসামি সামসুল ইসলামও ধরাছোঁয়ার বাইরে। এতে নিহতদের পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী প্রকাশ্যে করিম ও সামসুলকে ঘোরাফেরা করতে দেখলেও পুলিশের কাছে তাঁরা পলাতক। নিহতদের স্বজনেরা মনে করছেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তার সুযোগে একের পর এক খুন করছেন করিম ও সামসুল। করিম নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের ও সামসুল উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।
এলাকার অনেকে জানান, এলাকার একটি মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে করিমের সঙ্গে তাঁর ভগ্নিপতি আসলাম হোসেনের (৪২) বিরোধ দেখা দেয়। এর জের ধরে ২০১০ সালের ১৩ ডিসেম্বর খুন হন আসলাম। বাড়ির পাশে গুড়নাই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। করিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। এরপর পালিয়ে থেকে নিহতের স্বজনদের হত্যার হুমকি দিচ্ছেন করিম।
মামলার বাদী নিহতের বড় ভাই কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক অভিযোগ করেন, এলাকাবাসী দেখতে পেলেও রহস্যজনক কারণে পুলিশ করিমকে ধরতে পারেনি। অবশেষে আসামিরা ২০১১ সালে উচ্চ আদালত থেকে জামিন পান।
২০১২ সালের ১৫ নভেম্বর করিম ও তাঁর দলবল স্থানীয় একটি মাদ্রাসায় ঢুকে নিহত আসলামের ভাতিজা মিল্টনকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে মিল্টনের ডান হাতের কবজি কেটে ফেলতে হয়। ২০১৩ সালের ১৯ আগস্ট মিল্টনের বাবা মোহামঞ্চদ আলী (৬৫) বাড়ির কাছে খুন হন। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি করিম।
মামলার এজাহারে বলা হয়, করিম ও তাঁর দলবল গুলি করে ও জবাই করে মোহামঞ্চদ আলীকে হত্যা করেছে। নিহতদের ভাই কৃষক আসাদ আলী বলেন, ‘করিম আমার দুই ভাইকে মারিও ক্ষান্ত হয়নি, সব সময় আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা পরিবারের সবাই আতঙ্কে দিন কাটাচ্ছি।’
২০১২ সালের ১১ ডিসেম্বর উপজেলার নূরপুর গ্রামের আবদুর রহমানকে (৪৬) কুপিয়ে হত্যা করা হয়। রহমান নূরপুর উচ্চবিদ্যালয়ের দপ্তরি ছিলেন। জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি আসার সময় তাঁকে খুন করা হয়। পরদিন নিহতের ভাই গফুর বাদী হয়ে করিমকে প্রধান আসামি করে মামলা করেন।
ওই বছরের ১৮ জানুয়ারি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় কলম ইউপির চেয়ারম্যান ফজলার রহমানকে। এ সময় চেয়ারম্যানের ভাতিজা জাহিদুল ইসলামকেও গুরুতর জখম করা হয়। মামলার এজাহারে বলা হয়, করিম ও তাঁর দলবল ফজলারকে হত্যা করে। এই মামলার ২ নম্বর আসামি করা হয় সামসুলকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, করিম-সামসুল বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তবে সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আসামিরা ঘটনার পরপরই আত্মগোপন করেছেন। তবে শিগগিরই তাঁরা ধরা পড়বেন।’
পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, ‘চেয়ারম্যান হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ ব্যাপারে কোনো পুলিশ কর্মকর্তা গাফলতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’