প্রকাশ্যেই বিক্রি হচ্ছে শিয়ালের মাংস
ভোলার লালমোহন পৌরসভার পুরাতন লঞ্চ সড়কের টেম্পোস্ট্যান্ডে ও সোনালী ব্যংকের পেছনে প্রকাশ্যে মাইকিং করে শিয়ালের মাংস বিক্রি করা হচ্ছে। বিক্রেতা মো. আব্বাস বয়াতির দাবি, নিয়মিতই তিনি শিয়ালের মাংস এমনকি শিয়ালও বিক্রি করেন।বৃহস্পতিবার দুপুরের পর লালমোহন পৌরসভার পুরাতন লঞ্চ সড়কের টেম্পোস্ট্যান্ডে মাইকিং করে শিয়ালের মাংস বিক্রি করছিলেন আব্বাস। সঙ্গে ছিল তাঁর শ্যালক আমজাদ। তাঁর ভাষ্যমতে, শিয়ালের মাংস খেলে বিভিন্ন রোগের উপকার হয়। তাই ক্রেতারা ৬০০ টাকা কেজি দরে এই মাংস কিনছে।লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের আব্বাস বয়াতি জানান, দীর্ঘদিন ধরে লালমোহন ও আশপাশের এলাকা থেকে তিনি শিয়াল শিকার করেন। লালমোহন ও চরফ্যাশনের বিভিন্ন ওঝা-কবিরাজ নিয়মিত তাঁকে শিয়ালের অর্ডার দেন। তখন ভালো দাম পাওয়া যায়। না হলে কেজি দরেই বিক্রি করতে হয়। বন্য প্রাণী ধরা অপরাধ জেনেও কেন ধরছেন জিজ্ঞাসা করলে আব্বাস বলেন, ‘ইডা যে আমগো আস (হাঁস) মুরকা খায়, হিডা অপরাধ ন।’লালমোহন পৌরসভার মেয়র এনায়েত কবীর পাটওয়ারী বলেন, শিয়ালের মাংস প্রকাশ্যে বিক্রির বিষয়টি তাঁর নজরে আসেনি। কেউ তাঁর কাছে অভিযোগও করেনি। বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী বলেন, শিয়াল শিকার ও জবাই করে বিক্রি করা দুটোই অপরাধ। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রির বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।