প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি আসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে হত্যা, হামলা ও হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ‘অস্বীকার বা দোষারোপের চেষ্টা’ বাদ দিয়ে বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বেসরকারি এই মানবাধিকার সংগঠনটি।
গতকাল রোববার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বগুড়ায় শিয়া সম্প্রদায়ের মসজিদে গুলি করে একজনকে হত্যা ও তিনজনকে আহত করা, ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনকে কুপিয়ে জখম করা এবং খুলনায় দুই খ্রিষ্টান ধর্মযাজককে হত্যার হুমকির ঘটনা উল্লেখ করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত বহন করে। এই ঘটনাগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঘটনাগুলোর মধ্যে শক্তিশালী যোগসূত্র রয়েছে বলেই প্রতীয়মান হয়।
ঢাকায় হোসেনি দালানে বোমা হামলাসহ আরও কয়েকটি হত্যা, হত্যাচেষ্টা ও হুমকির ঘটনা উল্লেখ করে আসক বলেছে, একের পর এক এ ধরনের হত্যা, হামলা ও হুমকির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিজ্ঞপ্তি।