প্রকৃত অপরাধীদের নাম মামলায় আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মানিক সাহা হত্যার ১২তম বার্ষিকীতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু l ছবি: প্রথম আলো
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মানিক সাহা হত্যার ১২তম বার্ষিকীতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু l ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিক মানিক সাহা হত্যা, উদীচীর অনুষ্ঠানে হামলা, রমনা বটমূলে হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, লেখক ও ব্লগার হত্যা—সব একই সূত্রে গাঁথা। মুক্তমনা, প্রগতিশীল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের হত্যার মাধ্যমে যারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে। তা সে যে-ই হোক।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার ১২তম হত্যাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আলোচকদের বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, মানিক সাহা হত্যা মামলায় প্রকৃত আসামিদের নাম আসেনি। তাই মামলাটির পুনঃ তদন্তের জন্য ও এর বিচারপ্রক্রিয়া সচল করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনে আদালতে দরখাস্ত দেওয়া হবে।
তথ্যমন্ত্রী মানিক সাহা হত্যার বিচারপ্রক্রিয়া থমকে গেছে মন্তব্য করে বলেন, এ ধরনের ধীরগতি অপরাধীদের রেহাই পাওয়ার পথ তৈরি করে।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর হোসেন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক অমিত দে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক কুদ্দুছ আফ্রাদ প্রমুখ। সভাপতিত্ব করেন সাংবাদিক রাহুল রাহা।
এদিকে মানিক সাহা হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিকেরা। গতকাল খুলনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক স্মরণসভায় এ দাবি জানানো হয়।
সভায় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আলম, মানিক চন্দ্র সাহার ছোট ভাই দিলীপ কুমার সাহা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও সুবীর কুমার
রায়, খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির সদস্যসচিব মো. শাহ আলম প্রমুখ।
সভার শুরুতেই মানিক সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে খুলনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি ও মানিক সাহার পরিবার এবং খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় মানিক চন্দ্র সাহা নিহত হন।