একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বৌদ্ধবিহার ও পল্লিতে হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে আবারও দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল বুধবার রাতে ক্ষতিগ্রস্ত এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের ৩৬ সদস্যের প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে এই দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রকৃত অপরাধীদের সরকার বের না করলে আমরা বের করব।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমরা তদন্ত করছি, খোঁজখবর রাখছি। কারা ঘটনার সঙ্গে জড়িত, তা বেরিয়ে আসবে। কোনো কিছুই লুকানো যাবে না।’ খালেদা জিয়া বলেন, ‘আমরা উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করেছি। তারা কাল (আজ বৃহস্পতিবার) প্রতিবেদন দেবে। তারপর আমরা সে প্রতিবেদন দেশবাসী ও বিদেশিদেরও জানাব।’সাক্ষাৎকালে বৌদ্ধ নেতারা খালেদা জিয়াকে আক্রান্ত এলাকায় গিয়ে নিজ চোখে ধ্বংসযজ্ঞ দেখে আসার এবং ক্ষতিগ্রস্ত ও ভীতসন্ত্রস্ত বৌদ্ধদের সান্ত্বনা দিয়ে আসার আহ্বান জানান। এ সময় খালেদা জিয়া বলেন, ‘সেখানে যে দুর্ঘটনা ঘটল, তা নিঃসন্দেহে দুঃখজনক। চীন থেকে ফিরে আমি অবশ্যই সেখানে যাব, সান্ত্বনা দেব।’তদন্ত শেষ হওয়ার আগেই বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘ঘটনা ঘটায় তারা, আর দোষ চাপায় বিরোধী দলের ওপর। কিছু ঘটলেই বিরোধী দলের ওপর দোষ দেওয়া অন্যায়।’ তিনি বলেন, ‘এত বড় ঘটনা ঘটল, অথচ পুলিশ থাকল না। প্রশাসনের এত নীরবতা কেন—মানুষের মনে অনেক প্রশ্ন।’খালেদা জিয়ার বক্তব্যের আগে বৌদ্ধ সম্প্রদায়ের চারজন বক্তব্য দেন। তাঁদের পক্ষ থেকে চার দফা দাবি এবং ক্ষতিগ্রস্তদের একটি তালিকা দেওয়া হয় বিরোধীদলীয় নেতাকে। দাবিগুলোর মধ্যে রয়েছে: একটি ত্রাণ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা করা, ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা, মামলা-মোকদ্দমা থেকে রক্ষা করা এবং সব সময় বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির একজন প্রতিনিধি রাখা।উখিয়ার ভালুকিয়া বৌদ্ধবিহারের সভাপতি ও ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেন, ‘আমার ইউনিয়নে ২০ ভাগ সংখ্যালঘু, ৮০ ভাগ মানুষ মুসলমান। ভোটের ৯০ ভাগ পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সব ধর্মের মানুষের সঙ্গে বৌদ্ধদের হাজার বছরের সম্প্রীতির বন্ধন। কখনো নিজেদের সংখ্যালঘু মনে হয়নি। এখন মনে হয় আমরা সংখ্যালঘু।’পটিয়ার কোলাগাঁও রত্নাংকুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু বলেন, ‘প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে বিহারে আক্রমণ করে। আমার বিহারে অনেক সম্পদ ছিল—স্বর্ণের বৌদ্ধমূর্তি, ল্যাপটপ—সবই লুট হয়ে গেছে। যে বা যারাই করেছে, আমি তাদের শাস্তি কামনা করি।’এ ছাড়া রামুর রাংকুট বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাংশ মহাথের, পটিয়ার সর্বজনীন দুর্গা মন্দিরের রূপক শীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, কক্সবাজারের বিএনপির সাংসদ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।