সাংবাদিক দম্পতি হত্যা: সাংবাদিক নেতাদের ঘোষণা
প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। এই সময়ের মধ্যে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হলে পরদিন ২৫ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বৈঠকের পর ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা আদায়, ছাঁটাই বন্ধ, অষ্টম ওয়েজবোর্ড ঘোষণাসহ পেশাগত অন্যান্য দাবিতে আগামী ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা।ইকবাল সোবহান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাগর-রুনি হত্যাকাণ্ডে তারা সাতজনকে গ্রেপ্তার করেছে। আরও একজনকে ধরার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সে জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ নভেম্বর পর্যন্ত সময় দিতে চাই। তবে তদন্ত অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। তদন্তের নামে “জজ মিয়া”কে হাজির করা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে হতাশা প্রকাশ করে ইকবাল সোবহান বলেন, তদন্তে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের যে অগ্রগতি, তাতে হত্যাকাণ্ড সম্পর্কে অস্পষ্টতা কাটেনি, রহস্যের জট খোলেনি। বলা হয়েছে, অভিযুক্তদের চারজন পেশাদার খুনি। প্রশ্ন হলো, ভাড়াটে খুনিরা কার নির্দেশে, কেন সাগর-রুনিকে হত্যা করল? যতক্ষণ পর্যন্ত না প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, ২৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করার জন্য সাংবাদিক নেতারা বিভাগীয় শহরে সমাবেশ করবেন।সংবাদ সম্মেলনে বিএফইউজের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিক সমাজের আন্দোলন-কর্মসূচির উদ্দেশ্য সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা। ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের এই আন্দোলন থামানো যাবে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ।