প্রকৃত আলেম তৈরির পাঠ্যসূচি থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি এমন হতে হবে, যাতে প্রকৃত আলেম তৈরি হয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তাঁরা দেশের জন্য কাজ করতে পারেন। আবার দেশের বাইরেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। পাঠ্যসূচি প্রণয়নের ক্ষেত্রে এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি কনভেনশন সেন্টারে ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের ৩১৬টি ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অংশ নেন।
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১ হাজার ২৭০টি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ১ হাজার ৫০টি ফাজিল ও ২২০টি কামিল মাদ্রাসা।
শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃত আলেমরাই পারেন ইসলামবিরোধী অপপ্রচার মোকাবিলা করতে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সরকার সারা দেশে ১ হাজার ১৩০টি মাদ্রাসা ভবন তৈরি করেছে। আরও ১ হাজার ৮০০ ভবন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে। ৩১টি মাদ্রাসায় স্নাতক কোর্স চালু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারে, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তারা এখন অনেক অগ্রসর। সারা বিশ্বকে নেতৃত্ব দিতে গড়ে উঠছে তারা।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে এবং অনেক ব্যর্থতাও আছে। এটি স্বীকার করছি। তবে দেশের মানুষ বলছে, শিক্ষাক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে। পুরো পৃথিবী আজ বাংলাদেশে শিক্ষাক্ষেত্রের পরিবর্তনের কথা বলছে।’
সভার মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘আমরা সবাই মাদ্রাসা শিক্ষার মঙ্গল চাই। এখন আপনারা সবাই মিলে পাঠ্যসূচি ঠিক করেন। আপনারা কোরআন-হাদিস শিক্ষা দেবেন। আবার জীবনমুখী শিক্ষাও দেবেন, যাতে মাদ্রাসা থেকে পাস করা একজন ছাত্র সমাজে নিজের অবস্থান তৈরি করতে পারেন।’
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যা ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী।