প্রকৃত ইচ্ছাশক্তি নিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ইচ্ছাশক্তিই যুদ্ধজয়ের সমান কাজ করতে পারে। তাই প্রকৃত ইচ্ছাশক্তি নিয়ে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদকবিরোধী মুক্ত সংলাপে কথাগুলো বলেন জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল রোববার এই মুক্ত সংলাপের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশের ২২টি জেলায় ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। বন্ধুসভার সদস্যরা এতে সহযোগিতা করেন।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জামালপুর: সংলাপে বক্তারা বলেন, মাদকের ছোবলে তরুণ ও যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বড় শক্তি। ছাত্র-অভিভাবক-শিক্ষকসহ সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রথম আলোর এ ধরনের আয়োজন গ্রামেও করার পরামর্শ দেন। সংলাপে বক্তব্য দেন সাযযাদ আনসারী, রাশিদা ফারুকী, এস এম আতিকুর রহমান, আ ন ম নুরুল আলম লাইলি বেগম, আনোয়ারুল ইসলাম, ইয়াসির আরাফাত, মাহবুবা হক, রাবাব জাহেদী প্রমুখ।সংলাপ সঞ্চালনা করেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু ও জামালপুর বন্ধুসভার আহ্বায়ক সোহেল রহমান। পরে সংগীত পরিবেশন করা হয়। সিলেট: মাদকবিরোধী মুক্ত সংলাপে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ মাদকের ভয়াবহতা সম্পর্কে নিজেদের মত তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রথম আলোর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা সব ধরনের নেশা থেকে বেরিয়ে এসে সুন্দর সমাজ গঠনে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। শেষে সংলাপে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলেন।সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান মিলনায়তনে সংলাপে অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন, শুভেন্দু এমাদ উল্লাহ, শহীদুল ইসলাম, আরশ আলী, সুরেশ রঞ্জন বসাক, রফিকুর রহমান, ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ। বন্ধুসভা সিলেটের সদস্য চৌধুরী মাহবুব পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুখ্য বিচারিক হাকিম শামসুদ্দীন মাসুম, মোকাদ্দেস বাবুল, নিরঞ্জন দে, মোস্তাক আহমাদ, নীরেশ চন্দ্র দাশ, বিজয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।কুমিল্লা: মুক্ত সংলাপে বক্তারা বলেন, সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে পরিবারকে মাদকমুক্ত রাখতে হবে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে হবে। আর বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, আমীর আলী চৌধুরী, মশিউর রহমান, পাপড়ি বসু, ফাহমিদা জেবিন, শাহ মো. আলমগীর খান, দিলনাশি মোহসেন, মাহমুদা আক্তার, আয়েশা সিদ্দিকা, মহিউদ্দিন লিটন, নূরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান কুণ্ডু গোপীদাস।কিশোরগঞ্জ: সরকারি গুরুদয়াল কলেজের শহীদ স্মৃতিস্তম্ভে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্ত সংলাপে অংশ নেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী, উপাধ্যক্ষ ফজলুল হক সাগর, সুশীল কুমার শীল, সামিউল হক প্রমুখ। মুক্ত আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ: শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আয়োজিত মুক্ত সংলাপে বক্তারা বলেন, মাদক নয়, ভালো কাজের প্রতি আসক্ত হতে হবে। সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। তরুণ ও যুবসমাজকে বাঁচাতে হবে। সংলাপে বক্তব্য দেন সুখেন চন্দ্র ব্যানার্জি, আবদুল কাদের মোল্লা, নাসির উদ্দিন, জাহাঙ্গীর সরকার, শাহজাহান গাজী, আলী আকবর, সাইদুর রহমান, সালমা মুস্তারী প্রমুখ।