বিএবির অনুদান নেওয়ার সময় প্রধানমন্ত্রী
প্রকৃত ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘর উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মের পাশাপাশি জাতির সামনে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘর উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ২৪ কোটি টাকার চেক নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, চারটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ ৩৩টি ব্যাংক মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণা পরিচালনাসহ জাদুঘরের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এই টাকা দান করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। ১৯৯৬ সালে জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে এটি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের ভোটারেরা গত সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের সমর্থন দিয়েছেন। নির্বাচনে তাঁরা স্বাধীনতাবিরোধী শক্তিকে বর্জন করেছেন।’ তিনি আরও বলেন, ১৯৮১ সালে তিনি এবং তাঁর ছোট বোন শেখ রেহানা দেশে ফিরে আসার পর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত তাঁদের পৈতৃক বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কাছে হস্তান্তর করেন। বাঙালি জাতির প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়ার জন্যই তাঁরা এই উদ্যোগ নেন।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতিরক্ষায় সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী ও রমনা পার্ককে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠা করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আগের শাসনামলে তাঁর সরকার ঐতিহাসিক ঘটনার স্মৃতি রক্ষায় ১৯৯৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তন’-এর নির্মাণ কাজ শুরু করেছিল। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে ওই কাজ বন্ধ করে দেয়। বর্তমান সরকার আবার ‘শিখা চিরন্তন’-এর নির্মাণ কাজ শুরু করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানেরা এ সময় উপস্থিত ছিলেন।