নিরাপত্তাকর্মীর গুলিতে ইসলামী ব্যাংকের নরসিংদী শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান নিহত হওয়ার পর ১১ দিন পেরিয়ে গেলেও এ ঘটনার মূল রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।রিমান্ডে আসামিরা গুলি করার কথা স্বীকার করলেও তাঁরা এটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন। কিন্তু নিহত মাহফুজের পরিবার বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিসি ক্যামেরার ভিডিওচিত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এ অবস্থায় মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ বিভাগে (সিআইডি) স্থানান্তরের আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহত মাহফুজের ভাই মিজানুর রহমান।গত ২০ ফেব্রুয়ারি ব্যাংকের নিচতলায় এটিএম বুথের মেশিনে টাকা জমা করার সময় নিরাপত্তাকর্মী সেলিমের গুলিতে নিহত হন ব্যাংক কর্মকর্তা মাহফুজ। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামে। এ ঘটনায় পরের দিন নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মিজানুর। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, পুলিশ ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী সেলিম রেজা (২৮), তারজীল হোসেন (৩২) ও হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে ২২ ফেব্রুয়ারি পাঁচ দিনের রিমান্ডে নেয়।এসআই আতিকুর প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনজনের আচরণই ছিল রহস্যজনক। তাঁরা বিষয়টি দুর্ঘটনা বলে দাবি করলেও সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখালে তাঁরা চমকে যান। পরে তাঁরা গুলি করার কথা স্বীকার করেন। কিন্তু এই গুলি ইচ্ছাকৃতভাবে করেননি বলে দাবি করেন।’