প্রকৃত কৃষকেরা সার পাননি, দুই দফা তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রাজনৈতিক বিবেচনায় কৃষকদের তালিকা করা হয়েছে। এ কারণে অকৃষকেরা বিনা মূল্যে সার পেয়েছেন। পরে তাঁরা এ সার বিক্রি করেও দিয়েছেন। এতে কার্ডধারী প্রকৃত কৃষকেরা সার পাননি। তবে এ ঘটনায় দুই দফা তদন্ত হয়েছে। গত মঙ্গল ও বুধবার উপজেলা কৃষি কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এবং কক্ষের ভেতর সার নিতে কৃষক ও অকৃষকদের হুড়োহুড়ি। এ সময় পতনউষার, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নের ক্ষমতাসীন দলের কিছু স্থানীয় নেতার হাতে অনেক কার্ড দেখা যায়। তাঁরা শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের লোকদের আগে সার দিতে চাপ দিচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি কার্যালয়ের এক কর্মচারী বলেন, ৩ জুলাই জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ আনুষ্ঠানিকভাবে সার বিতরণ উদ্বোধন করেন। এরপর কৃষি কার্যালয় জনপ্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি পটাশ (এমওপি) ও ১০ কেজি টিএসপি সার কৃষকদের মধ্যে বিতরণ করে। পতনউষার ইউনিয়নের কৃষক শফিক মিয়া বলেন, ৫ নম্বর ওয়ার্ডের নূর আলম, ৯ নম্বর ওয়ার্ডের জ্যোতিষ দাস, সুধাংশু দাস, আবদুল আলিম, রন দে, বিজয় দাস, সাজিদ মিয়া, জলিল মিয়ার কোনো জমি নেই। তাঁরা কৃষিকাজ করেন না। এর পরও তাঁরাই বিনা মূল্যে সার পাচ্ছেন। আলীনগর ইউনিয়নের কৃষক সজ্জাদ মিয়া বলেন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ও তাঁর একজন সহকারীকে তাঁদের কথামতো ৫০ থেকে ১০০ টাকা করে না দেওয়ায় অনেককে কার্ড দেওয়া হয়নি। শমশেরনগর ইউনিয়নের কৃষক আছকন আলী বলেন, অকৃষকেরা বিনা মূল্যে সার নিয়ে তা বাজারে বিক্রি করছেন। অথচ তাঁরা সার পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার উপসহকারী এক কৃষি কর্মকর্তা বলেন, সার বিতরণের অনিয়ম সম্পর্কে গত বুধবার কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। পরে গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ বিভাগের মৌলভীবাজারের উপপরিচালক আবদুল জলিল উপজেলা কৃষি কার্যালয়ে এসে প্রথম দফা তদন্ত করেন। গতকাল শুক্রবার কৃষি সম্প্রসারণ বিভাগের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক এম এম রফিকুল ইসলাম সরেজমিনে কমলগঞ্জে এসে দ্বিতীয় দফা তদন্ত করেন। এ সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রশীদকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সারের তালিকায় কোনো অনিয়ম হয়নি। বাজারে কাউকে সার বিক্রি করতেও দেখেননি। এ ছাড়াও রাজনৈতিক বিবেচনায় কার্ড তৈরির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।