প্রকৃত খুনিরা গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সভায় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় সমন্বয়ক এম এ মতিন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে: ৪ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ওলামা–মাশায়েখদের নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণে মতবিনিময় সভার আয়োজন, ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, মামলার অগ্রগতি না হলে ওই দিনই পরবর্তী কর্মসূচি ঘোষণা।
মুফতি ওবায়দুল হক নঈমীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার, স ম আবদুস সামাদ, আবুল কাশেম নুরী, সৈয়দ সাইফুদ্দিন আল হাসানী আল মাইজভান্ডারি প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জঙ্গিবাদী, মওদুদীরা ফারুকীকে হত্যা করেছে। কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরেছিলেন তিনি। এটি ডাকাতির ঘটনা নয়। ইমান–আকিদার সঠিক তথ্য তুলে ধরায় ভিন্নমতাবলম্বীরা তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে।
এদিকে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দুপুর থেকে নগর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত লোক লালদীঘি মাঠে জড়ো হয় মিছিলসহকারে। লালদীঘি মাঠ লোকে ভর্তি হয়ে যাওয়ায় আশপাশের সড়কে অবস্থান নেয়। এ সময় ওই সড়কে যান চলাচলও বন্ধ থাকে।