এশিয়ার নেতাদের প্রতি প্রধানমন্ত্রী
প্রকৃত গণতন্ত্র অর্জন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মনোযোগ দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত গণতন্ত্র অর্জন এবং এই অঞ্চলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুত মনোযোগ দিতে এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বালির নুসা দোয়ায় বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, অফুরন্ত সম্পদ, উদীয়মান অর্থনীতি, সম্ভাবনাময় প্রতিষ্ঠান, প্রযুক্তি এবং অত্যাবশ্যকীয় গণতান্ত্রিক শক্তিসমৃদ্ধ এশিয়া এখন সকল পর্যায়ে গণতান্ত্রিক অংশীদারি বাড়াতে সক্ষম। খবর বাসসের।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো গতকাল আনুষ্ঠানিকভাবে বালি ডেমোক্রেসি ফোরামের উদ্বোধন করেন। স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্টি এম নাতা লেগাওয়া প্রতিবেদন উপস্থাপন করেন।ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জব্বার আল-থানি, গণতান্ত্রিক তিমুরের কে রালা জানানা গুসমাও, ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনায় এবং তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেনিত আরনিক অনুষ্ঠানে বক্তৃতা করেন।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণকারী দেশের নেতাদের অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। দুই দিনব্যাপী এই ফোরামের বিভিন্ন অধিবেশনে জাপান, পাপুয়া নিউগিনি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইথিওপিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, বসনিয়া ও হার্জেগোভিনিয়া, জর্জিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, মিয়ানমার, চেক প্রজাতন্ত্র, আফগানিস্তান, ইরাক, লাও পিডিআর, সৌদি আরব, থাইল্যান্ড, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, লিবিয়া, মরক্কো ও জর্ডানের প্রতিনিধিরা বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী গণতন্ত্র ও উন্নয়নে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং আলোচনার মাধ্যমে এই অঞ্চলে প্রকৃত গণতন্ত্র অর্জনের জন্য এশীয় নেতাদের সামনে সাত দফা প্রস্তাব পেশ করেন। তিনি স্থানীয় সরকার, বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠানকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত ক্ষমতা ও অর্থের জোগান দিয়ে শক্তিশালী করে তুলতে হবে।প্রায় ১৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই ফোরামে যোগ দেন। এ বছর ফোরামের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে গণতান্ত্রিক অংশীদারি জোরদার: গণতান্ত্রিক জাগরণের প্রতি সমর্থন দান’। গণতন্ত্র উন্নয়নের চাবিকাঠি: প্রধানমন্ত্রী গতকাল বালির ওয়েস্টিন হোটেলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। গণতন্ত্র ছাড়া কোনো দেশের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘বালি ডেমোক্রেসি ফোরাম এমন কোনো ফোরাম নয়, যা একটি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা বা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করতে বাধ্য করবে। আমরা এখানে আলোচনা করব এবং আমাদের আলোচনা থেকে আমরা একে অন্যের কাছ থেকে জানব।’