প্রকৃত ঘটনা নিয়ে 'যথেষ্ট' সংশয় আছে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার শাপলা চত্বর থেকে গত রোববার (৫ মে) মধ্যরাতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সরিয়ে 
দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা নিয়ে ‘বেশ খানিকটা’ সংশয়
প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি
এই সংশয় প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টি জোর দাবি জানিয়ে বলে, হেফাজতের সমাবেশে পুলিশের শক্তি প্রয়োগের বিষয়ে
কর্তৃপক্ষকে অবশ্যই এবং অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। সমাবেশের দিন ও
পরদিন হেফাজতের কর্মী ও পুলিশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা
হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে সারা দিন ও ৬ মে (৫ মে দিবাগত মধ্যরাতে) শুরুর প্রথম কয়েক ঘণ্টায় রাজধানী ঢাকা
ও দেশের অন্যত্র ইসলামপন্থী সংগঠনটির বিপুলসংখ্যক সমর্থক রাস্তায় অবস্থান গ্রহণ করেন। ঢাকায় পুলিশের
সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তাঁদের এসব সমাবেশ সহিংসতায় রূপ নেয়।
অ্যামনেস্টির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক পোলি ট্রাসকট বলেন, ‘প্রকৃতপক্ষে সেদিন কী
ঘটেছে এবং কেন নিহতের ঘটনা ঘটল, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সমাবেশে পুলিশের বল প্রয়োগসহ ওই
দিনের ঘটনাবলি নিয়ে অবশ্যই গুরুত্বের সঙ্গে দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। দোষীদের
অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
সংঘর্ষের পুরো পরিস্থিতি নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, শাপলা চত্বর থেকে হেফাজতের
কর্মীদের সরিয়ে দিতে রোববার মধ্যরাতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নতুন করে সহিংসতার
জন্ম দিয়েছে।
অ্যামনেস্টির কথায়, পুলিশ ৫ থেকে ৭ মে পর্যন্ত চারজন নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও ৬ মের (৫ মে
মধ্যরাতের পরের অভিযান) নিহত ব্যক্তিদের ব্যাপারে নীরব।