প্রকৃত ছাত্রদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রলীগের হয়ে এমন বর্ধিত সভায় আসতে চাইনি আমরা। কারণ আমরা ছাত্রত্ব হারিয়েছি প্রায় ১০ থেকে ১২ বছর আগে। এমনকি বাবাও হয়েছি কেউ কেউ। কিন্তু জেলা কমিটির নেতাদের ক্ষমতা আঁকড়ে থাকার বাসনা এতই তীব্র যে ছাত্র না হয়েও ছাত্রলীগের নেতা হিসেবে বর্ধিত সভায় যোগ দিতে হলো আমাদের। এটা সত্যিই লজ্জার বিষয়।’ গত বুধবার বিকেলে বরগুনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভা থেকে ফিরে যাওয়ার সময় তৃণমূল ছাত্রলীগের কয়েকজন নেতা এমন করেই তাঁদের ক্ষোভের কথাগুলো বললেন।গত বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের শেরেবাংলা সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এমদাদ হাওলাদার, আইয়ুব মামুন, মিজানুর রহমান, মনোয়ার হোসেন, শামীম আল সোহাগ, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ ও শিবলী মাহমুদ উপস্থিত ছিলেন।সংগঠনের নেতা-কর্মীরা জানান, ২০০৪ সালের ১৫ জানুয়ারি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ছয় বছর অতিবাহিত হলেও জেলা ও সাতটি সাংগঠনিক উপজেলা কমিটির সম্মেলন হয়নি। ২০০৬ সালে বরগুনা সরকারি কলেজ শাখার সম্মেলন হলেও সেখানে এখন পর্যন্ত কমিটি ঘোষণা করা যায়নি। এই সাত বছরে জেলায় এটাই প্রথম বর্ধিত সভা, যেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সংগঠনের বেশ কয়েকজন জেলা পর্যায়ের নেতা জানান, গত দেড় বছরে অন্তত পাঁচবার জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও জেলার শীর্ষ নেতাদের অনীহার কারণে তা হয়নি। একইভাবে অন্যান্য উপজেলা কমিটিরও সম্মেলন হয়নি আট-নয় বছর ধরে। এ কারণে বরগুনায় এখন জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগের কমিটিতে দুই-চারজন বাদে কোনো ছাত্রের অস্তিত্ব নেই।বর্ধিত সভায় উপস্থিত কয়েকজন ছাত্রলীগের নেতা জানান, সভার শুরুতেই কেন্দ্রীয় নেতাদের সামনে বিভিন্ন শাখার সম্পাদকেরা সাংগঠনিক প্রতিবেদন পেশ করে বক্তৃতা দেন। পরে প্রত্যেক কমিটির সভাপতিরা বক্তৃতা দেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তাঁরা সবাই জেলা নেতাদের প্রতি উষ্মা প্রকাশ করেন এবং অবিলম্বে প্রকৃত ছাত্রদের হাতে নেতৃত্ব দিয়ে সসম্মানে বিদায় নেওয়ার আহ্বান জানান।জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বর্ধিত সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রত্যেক উপজেলা কমিটির সম্ভাব্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ মের মধ্যে এসব শাখার সম্মেলন সম্পন্ন করে ৩০ মের মধ্যে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।