প্রকৃত পুরুষ কখনো নারী নির্যাতন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাতটি ছিল বৃষ্টিস্নাত। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু রাতের অন্ধকার গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নিজের জীবনেও যে অন্ধকার ঘনাচ্ছে, তা জানা ছিল না। রাত দুইটায় সেই ঘটনাই ঘটল, যার বীভৎস স্মৃতি আমাকে বয়ে বেড়াতে হবে আজীবন। স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করেও ক্ষান্ত না হয়ে গ্রামের ‘মেমবারের’ ছেলে তার আক্রোশ ঝাড়ল আমার ওপর এসিড নিক্ষেপ করে। তারপর...।’এই ভাষ্য নারী নির্যাতনের বিরুদ্ধে পুরুষের অঙ্গীকারবিষয়ক সমাবেশে পুরুষের নির্যাতনের দৃষ্টান্ত বয়ে বেড়ানো এসিডদগ্ধ মনিরার। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে নিজেই থমকে যায় বারবার। রাতের অনুষ্ঠানে ব্যবহূত বৈদ্যুতিক বাতির আলোও যেন শোকে ম্লান হয়ে যায় তার বর্ণনায়।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে নারী নির্যাতনবিরোধী এই সংহতি অনুষ্ঠানের আয়োজন করে ‘ক্যাম্পেইন টু ওয়ার্ক উইথ মেন অ্যান্ড বয়েজ’ সংগঠনটি। নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংহতি প্রকাশকারীরা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের আহ্বান জানান। তাঁরা বলেন, প্রকৃত পুরুষ কখনোই নির্যাতন করে না, নির্যাতনে মদদ দিতে পারে না। বরং তাঁরা নির্যাতনের বিরুদ্ধে নেন শক্ত অবস্থান।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রদীপ প্রজ্বালনের সঙ্গে সঙ্গে যেভাবে চারদিক আলোকিত হয়ে ওঠে, ঠিক সেভাবেই নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজকে আলোকিত করতে হবে। নারী নির্যাতন নামক অন্ধকার বিষয়টিকে বিতাড়িত করতে হবে সমাজ থেকে।আগামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাইখ ইমতিয়াজের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, প্রক্টর কে এ সাইফুল ইসলাম খান, শিক্ষক সমিতির সহসাধারণ সম্পাদক আবুল হাসনাত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাপরিচালক রকীবউদ্দিন আহমেদ, ইউএনএফপিএর সহকারী কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নূর মোহাম্মদ, স্টেপসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, এএসএফের নির্বাহী পরিচালক মুনিরা রহমান, সেইভ দ্য চিলড্রেনের প্রকল্প তত্ত্বাবধায়ক ফিরোজুল ইসলাম প্রমুখ।