প্রকৃত ব্যয় আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ব্যয়, তার বাইরেও বড় অঙ্কের ব্যয় রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। আগামী ছয় মাসের মধ্যে আরও চারটি চুক্তি সই হবে। এর প্রতিটির সঙ্গে বাড়তি অর্থ জড়িত। চুক্তিগুলো সইয়ের আগে মূল চুক্তিটি কার্যকর হবে না।
গত ২৫ ডিসেম্বর সরকার ও রাশিয়ার মধ্যে সই হওয়া মূল চুক্তিতে (জেনারেল কন্ট্রাক্ট) এক লাখ কোটি টাকার কিছু বেশি (১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার) ব্যয় দেখানো হয়েছে। এ হিসাবে এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম পড়বে প্রায় পাঁচ টাকা। আর ওই চুক্তির বাইরে যে ব্যয়ের কথা বিশেষজ্ঞরা বলছেন, তা হিসাবে নিলে প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় সাড়ে আট টাকা পর্যন্ত হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও নবগঠিত পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শৌকত আকবর প্রথম আলোকে বলেন, সই হওয়া মূল চুক্তিটি একটি ‘ফার্ম অ্যান্ড ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট’। এই চুক্তিমূল্য বাড়বে না। তা ছাড়া পরিচালন ব্যয় ধরলেও এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম কোনোভাবেই সাড়ে আট টাকা হবে না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘ড. রশীদ অধ্যাপক’ আবদুল মতিন বলেন, প্রকল্পের সমীক্ষায় ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার। এর মধ্যে পাঁচ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ। মোট ১ হাজার ৩১৫ কোটি ডলার ঋণ সুদসহ শোধ করতে হবে ১ হাজার ৪৭০ কোটি ডলার।
ব্রিটিশ নিউক্লিয়ার ইনস্টিটিউটের ফেলো এবং মুখ্য পারমাণবিক নিরাপত্তা পরামর্শক হিসেবে অবসরপ্রাপ্ত বাংলাদেশি বিশেষজ্ঞ এ রহমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় নির্ধারণের আরেকটি দিক তুলে ধরেছেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন-এর গত ১ জানুয়ারি সংখ্যায়। সেখানে তিনি বলেছেন, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক আয়ুষ্কাল শেষে সেটি নিষ্ক্রিয় করা (ডিকমিশনিং) এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় যে অর্থের প্রয়োজন হবে, তা-ও প্রকল্প ব্যয় হিসেবে ধরা উচিত। তাঁর মতে, এই ব্যয় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যয়ের প্রায় সমান। রূপপুরের ক্ষেত্রে এই ব্যয় বিবেচনায় নিলে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় পড়বে প্রায় সাড়ে আট টাকা।
এ ছাড়া ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র চালানোর জন্য প্রতিবছর পারমাণবিক জ্বালানি কিনতে ব্যয় হবে ১০ থেকে ১৫ কোটি ডলার। পরিচালন ব্যয় হবে প্রতিবছর পাঁচ কোটি ডলার। সর্বোপরি রয়েছে ঋণের সুদ। এসব হিসাবে নিয়ে প্রকৃত ব্যয় হিসাব করা উচিত।
ছয় মাসের পথনকশা: মূল চুক্তি কার্যকর হওয়ার আগে আরও চারটি চুক্তি সই প্রসঙ্গে জানতে চাইলে রূপপুর প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয়াদি বিশ্লেষণের কাজে নিয়োজিত পরমাণু শক্তি কমিশনের অন্যতম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, এ জন্য ছয় মাসের পথনকশা (রোডম্যাপ) নির্ধারণ করা হয়েছে। ওই চারটি চুক্তি হচ্ছে—জ্বালানি সরবরাহ নিশ্চিত করা; স্পেন্ট ফুয়েল (পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপজ্জনক জ্বালানি বর্জ্য) ফেরত নেওয়া; যেকোনো বিষয়ে চাহিদা অনুযায়ী নিশ্চিত সার্ভিস এবং পারমাণবিক অবকাঠামো উন্নয়ন। ছয় মাসের মধ্যে এই চুক্তিগুলোর খসড়া চূড়ান্ত করতে হবে। এ জন্য প্রতি মাসে বাংলাদেশ ও রাশিয়ার বিশেষজ্ঞদের মধ্যে দুটি করে বৈঠক অনুষ্ঠিত হবে।
জাহিদ হাসান বলেন, বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ­্যুৎকেন্দ্রটির দায়িত্ব নেওয়ার পরবর্তী পরিচালন পর্যায়ে এই চারটি চুক্তির সঙ্গেই আর্থিক বিষয় জড়িত থাকবে। কারণ, এগুলো কেউই ৬০ বছর ধরে বিনা মূল্যে সরবরাহ করবে না। তবে এসবের ব্যয় বিবেচনায় নিয়ে যে হিসাব করা হয়েছে, তাতে রূপপুর কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে পাঁচ টাকারও কিছু কম।
প্রকল্পের অর্থ ব্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়া প্রকল্পের জন্য যে ঋণ দেবে (৯০ শতাংশ), তা ব্যয় হবে ৩ হাজার ৭০০ কিস্তিতে। রাশিয়ার দেওয়া ঋণের সুদ ৩ শতাংশের বেশি হবে না উল্লেখ করে তিনি বলেন, সমীক্ষার জন্য যে ৫০ কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে, তার সুদ পরিশোধ করা হচ্ছে ২ দশমিক ১৭ শতাংশ হারে। আর লাইবর (লন্ডন আন্তব্যাংক লেনদেনে সুদের হার) সাধারণত দশমিক ৫ শতাংশের মধ্যেই থাকে। মূল চুক্তিতে এর ওপর ১ দশমিক ৭৫ শতাংশ সুদ ধরা হয়েছে রাশিয়ার ঋণের জন্য।