প্রকৃত মানুষ হতে হলে চাই সংস্কৃতিচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সমাজে জঙ্গিবাদের বিস্তাররোধে সন্তানদের প্রকৃত শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষের সীমিতসংখ্যক বইয়ের বাইরে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। একজন প্রকৃত মানুষ হতে হলে সংস্কৃতি চর্চা করতে হবে।
আচার্য ড. দীনেশচন্দ্র সেনের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে গতকাল শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা শহরের বিজয় মেলা মাঠে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন এবং মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। আজ শনিবার সম্মেলনের শেষ দিন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সন্তানদের পাঠ্যবই নিয়ে ব্যস্ত থাকতে হয়। কিন্তু প্রকৃত মানুষ হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি দীনেশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ও নজরুলের বই, শামসুর রাহমানের কবিতা পড়তে হবে। গান শুনতে হবে, গাইতে হবে গান। কবিতা পড়তে হবে, কবিতা আবৃত্তি করতে হবে। সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।’
ড. দীনেশচন্দ্র সেনের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আফসার আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মানিকগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, মানিকগঞ্জের সাটুরিয়ার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।
দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ পৌর এলাকার বগজুরি গ্রামে নানাবাড়িতে জন্ম নেন। তাঁর বাবার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর গ্রামে। ১৯৩৯ সালের ২০ নভেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।