প্রকৃত মালিক ঠিক করবেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের নন্দরানী চা-বাগানের প্রকৃত মালিক ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদকে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে মালিক দাবিদার দুই পক্ষের সঙ্গে বৈঠক করে প্রকৃত মালিকের কাছে বাগানটি হস্তান্তর করবেন।গত বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার নন্দরানী বাগানে কাজ শুরু হয়েছে। এদিকে কাজ শুরু হলেও গতকালও বাগান এলাকায় ১৪৪ ধারা বহাল ছিল।১০ ফেব্রুয়ারি নন্দরানী চা-বাগানের দখল নিয়ে সংঘর্ষে বাগানের মালিক দাবিদার প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ঢাকা কার্যালয়ের সচিব কাজী ফখরুল ইসলাম ও হামলায় অংশ নেওয়া জাহিদ মিয়া নিহত হন। ওই দিন থেকে বাগানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে বাগান এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনার পর থেকে বাগানে সব ধরনের কাজ বন্ধ ছিল।সার্কিট হাউসে বৈঠক: চা-বাগানের মালিকানার বিষয়টি নির্ধারণ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে জেলা সার্কিট হাউসে বৈঠক হয়। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে মালিক দাবিদার সাউথ এশিয়ান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী ও অপর মালিক দাবিদার সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদত রহিম চৌধুরীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন। এ ছাড়া জেলা পুলিশ সুপার হারুন-অর-রশীদ, সরকারি কৌঁসুলি (জিপি), উভয় পক্ষের আইনজীবী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশকান্তি চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত আটটার দিকে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, নন্দরানী চা-বাগান ও বাগানের শ্রমিকদের স্বার্থ চিন্তা করে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (গতকাল) সকাল থেকে কাজ শুরু হবে। এ ছাড়া উভয় পক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে যাচাই-বাছাই শেষে এক সপ্তাহের মধ্যে চা-বাগানের প্রকৃত মালিক নির্ধারণ করে তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা প্রশাসক বলেন, এই এক সপ্তাহে কোনো পক্ষই নন্দরানী চা-বাগানে যেতে পারবে না। তবে বাগানে সব ধরনের স্বাভাবিক কাজকর্মে অংশ নেবেন চা-শ্রমিক ও কর্মচারীরা। তাঁদের মজুরি ও ভাতা দেওয়ার বিষয়টি দেখবে জেলা প্রশাসন।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা নেছার আহমদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।বৈঠকে ১০ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুটি মামলার ব্যাপারে বলা হয়, মামলাগুলো তার নিজস্ব গতিতে চলবে। দুটি বন্দুক উদ্ধার: ১০ ফেব্রুয়ারি নন্দরানী চা-বাগান দখল নিয়ে সংঘর্ষের সময় হামলাকারীরা বাগানের বাংলো লুট করে লাইসেন্সধারী তিনটি বন্দুক লুট করে। কমলগঞ্জ থানায় সাউথ এশিয়ানের পক্ষে শিহারুল ইসলাম চৌধুরীর করা এজাহারে এই দাবি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় নন্দরানী চা-বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে জোর তদন্ত চলছে।নিখোঁজ শুকুর আলীর সন্ধান: চা-বাগান দখলের সময় হামলাকারীরা ব্যবস্থাপকের বাংলোর বাবুর্চির সহকারী শুকুর আলীকে হত্যা করেছে বলে শিহারুলের এজাহারে দাবি করা হয়েছিল। পরে তাঁর সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে বাগানের মালিক দাবিদার আমিনুল ইসলাম চৌধুরীর বড় ভাই সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভয়ে শুকুর আলী তার গ্রামের বাড়ি হবিগঞ্জে গিয়ে আত্মগোপন করেছিল।’