প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে এবং এই উদ্যোগ বাতিলের দাবিতে মেহেরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার জেলা শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির ব্যানারে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন করে যাচাই-বাছাইয়ের নামে কয়েক শ প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এসব মুক্তিযোদ্ধার মধ্যে মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অব অনার প্রদানকারী পাঁচজন মুক্তিযোদ্ধাসহ রাষ্ট্রীয় ভাতা পাওয়া এবং যুদ্ধের সময় পঙ্গু হওয়া মুক্তিযোদ্ধা রয়েছেন। বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এই উদ্যোগকে রাজনৈতিক ষড়যন্ত্র ও সরকারকে বিতর্কিত করার নতুন কৌশল হিসেবে উল্লেখ করেন।মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: মুক্তিযোদ্ধা আলফাজ হোসেন, কলিম উদ্দিন, আবদুল হান্নান, বছির আহমেদ, মোজ্জাম্মেল হক, সহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন প্রমুখ।এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল কাশেম বলেন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কাউন্সিল সম্প্রতি এক পত্রে মেহেরপুর জেলার প্রায় সাড়ে ৬০০ মুক্তিযোদ্ধার একটি তালিকা পাঠিয়েছে। ওই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা যাচাই-বাছাই করে পুনঃপরীক্ষা কমিটির মাধ্যমে নতুন তালিকা কেন্দ্রে পাঠানোর জন্য বলা হয়েছে। ২০ বছর ধরে রাষ্ট্রীয় ভাতা পাওয়া মুক্তিযোদ্ধারাও রয়েছেন ওই তালিকায়। কোন অভিযোগের ভিত্তিতে এসব মুক্তিযোদ্ধাকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।মুক্তিযোদ্ধা হামিদুল হক বলেন, ওই তালিকায় বহু মুক্তিযোদ্ধা রয়েছেন, যাঁদের বিরুদ্ধে সন্দেহের কোনো অবকাশ নেই। এর মধ্যে জেলার সাবেক কমান্ডার বছির আহমেদ, মুজিবনগর উপজেলার বর্তমান কমান্ডার আবদুল জলিল, গাংনী উপজেলার সাবেক কমান্ডার সামসুল আলমের নাম রয়েছে।