প্রকৃত শ্রমিক নিয়োগ হয়নি, ফেরত গেল পাঁচ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির পাঁচ লাখ ১২ হাজার টাকা ফেরত যাচ্ছে। প্রকৃত শ্রমিক নিয়োগ না হওয়ায় ১৯টি ইউনিয়নে তিন হাজার ৪১৫ জন শ্রমিক অনুপস্থিত ছিলেন। তাই প্রকল্পের ওই অর্থ গতকাল বুধবার ফেরত পাঠানো হয়েছে। এ জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দোষারোপ করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত অতি দরিদ্র শ্রমিকেরা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলপুরে অতি দরিদ্রদের পুনর্বাসনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ২৩ ফেব্রুয়ারি পাঁচ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেয়। এই কর্মসূচির আওতায় উপজেলার ১৯টি ইউনিয়নে মোট আট হাজার ৫৮২ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, প্রত্যেক শ্রমিক দৈনিক ১৫০ টাকা মজুরি পাবেন এবং প্রত্যেককে টানা ৪০ দিন কাজ করতে হবে।কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রমিক নিয়োগদানের কাজটি করে থাকেন। তাঁরা প্রকৃত শ্রমিক নিয়োগের পাশাপাশি ব্যবসায়ী, আত্মীয়স্বজন ও ধনাঢ্য ব্যক্তিদের শ্রমিক হিসেবে নিয়োগ দেন, যাঁরা কোনো দিন কাজ করতে মাঠে নামেননি। ঊর্ধ্বতন কর্মকর্তা হঠাৎ মাঠ পরিদর্শনে এলে ওই শ্রমিকদের পাননি। শ্রমিকদের মজুরির টাকা আওয়ামী লীগের নেতারা ব্যাংক থেকে তুলে নেন বলেও জানান। গত ১৯ মে প্রকল্পের ইউনিয়ন কমিটির লোকজন শ্রমিকদের না জানিয়ে দুই লাখ ৭৭ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রকল্পের একাধিক তদারক কর্মকর্তা বলেন, ইউনিয়ন পর্যায়ে কর্মীরা শ্রমিক নিয়োগ করায় তা সুষ্ঠু ও সুন্দরভাবে হয়নি। দলীয় চিন্তাভাবনায় ও আত্মীয়স্বজনকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের অনেকেই কাজে যোগ দেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ এস এম রউকত হোসেন বলেন, গত মঙ্গলবার শ্রমিক অনুপস্থিতির কারণে পাঁচ লক্ষাধিক টাকা ফেরত পাঠানো হয়েছে।