প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পরিবেশ ও প্রকৃতিপ্রেমিক ইশতিয়াক উদ্দিন আহমদকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই ‘প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৬’ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ক্ষমতার সঙ্গে মমতা মিলিয়ে প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব বেগম আক্তারী মমতাজ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ পুরস্কারের ১ লাখ টাকার চেক তুলে দেন। সারা জীবন বিনা মূল্যে চিকিৎসার সনদ তুলে দেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী সামিউল হাসান।
নিজস্ব প্রতিবেদক