শুরু হলো আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ‘এনগেজ ঢাকা-২০১৫’
প্রকৃতিকে ধ্বংস করে বিরামহীন নির্মাণযজ্ঞ আর নয়

বাণিজ্যিক লাভের জন্য প্রকৃতিকে ধ্বংস করে বিরামহীন নির্মাণযজ্ঞ আর নয়। মানুষের জন্যই বাঁচাতে হবে প্রকৃতিকে। তাই প্রাকৃতিক আবহের সঙ্গে উন্নয়নের গতির তাল মেলাতে ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ‘এনগেজ ঢাকা-২০১৫’।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের এ সম্মেলনে দেশি-বিদেশি ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্য চিন্তাবিদ, ইতিহাসবিদ, তাত্ত্বিক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেবেন। সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের আধুনিক স্থাপত্যচর্চার পুরোধা স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামকে।
রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ও ডেইলি স্টার-এর সার্বিক সহযোগিতায় এ আয়োজনের রেডিও পার্টনার এবিসি রেডিও ও সম্প্রচার সহযোগী চ্যানেল আই।
তিন দিনের এ আয়োজনের মূল আলোচ্য বিষয় ‘স্থানের উপস্থিতি’ (প্লেস প্রেজেন্স)। আয়োজকেরা বলছেন, ‘স্থানের উপস্থিতি’ বলতে স্থাপত্য চিন্তাপ্রসূত স্থানের বোধকে তুলে ধরার বিষয়টি বোঝানো হয়েছে। অর্থাৎ, যে স্থানে স্থাপনাটি তৈরি করা হবে সেটির প্রকৃতি, আবহবোধকে মাথায় রেখে স্থাপত্য নকশা তৈরির বিষয়টিকে বোঝানো হয়েছে।
উদ্বোধন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে মাজহারুল ইসলামকে বাংলাদেশের আধুনিক স্থাপত্যকলার জনক হিসেবে অভিহিত করে তাঁর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।
সময়ের প্রয়োজনেই নগরগুলোকে আধুনিকভাবে গড়ে তোলার তাগিদ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে এ আধুনিকায়ন ও নগরায়ণ প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে হতে হবে বলে তিনি স্মরণ করিয়ে দেন। তাঁর মতে, প্রকৃতি, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করেই আধুনিক নগর গড়তে হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঢাকা ধ্বংস হচ্ছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এ জন্য একে অপরকে দোষারোপ না করে কীভাবে ঢাকাকে বাসযোগ্য করা যায়, সেটি নিয়ে সবাইকে সচেষ্ট হতে হবে। নগরায়ণ বা আধুনিকায়নের নামে ঢাকাকে বিদেশের বিভিন্ন শহরের আদল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেসব স্থাপনা গড়ে উঠছে, স্থপতিরাই সেগুলোর স্থাপত্য নকশা তৈরি করছেন। কিন্তু ঢাকার সৌন্দর্যহানি বা ধ্বংস হয়—এ রকম স্থাপত্যের নকশা তৈরি থেকে স্থপতিরা বিরত থাকলে এ ক্ষেত্রে কিছুটা সমাধান মিলতে পারে।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটিতে, আনুপাতিক হারে যার প্রভাব পড়বে ঢাকার জনসংখ্যার ওপর। তাই ঢাকাকে বাঁচাতে হলে এখনই টেকসই কর্মসূচি হাতে নিতে হবে।
আরও বক্তব্য দেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সায়ীদ এম আহমেদ ও সম্মেলনের পরিচালক কাশেফ মাহবুব চৌধুরী।
উদ্বোধনী পর্ব শেষে স্থপতি মাজহারুল ইসলামের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রে ফুটে ওঠে মাজহারুল ইসলামের অনন্য স্থাপত্য নকশায় তৈরি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় সংগ্রহশালা (আর্কাইভ) ও গ্রন্থাগার, জয়পুরহাট কঠিন শিলা প্রকল্পসহ আরও অসংখ্য গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার স্থপতি ছিলেন মাজহারুল ইসলাম।
আয়োজনকে ঘিরে সামরিক জাদুঘরের মাঠ সাজানো হয়েছে স্থাপত্যবিষয়ক বিভিন্ন নকশার প্রদর্শনী দিয়ে। আয়োজকেরা জানিয়েছেন, তিন দিনের এ সম্মেলন সবার জন্য উন্মুক্ত। বেঙ্গল ফাউন্ডেশনের অন্যান্য আয়োজনের মতো এবারও অংশগ্রহণকারীদের জন্য অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রয়েছে।
সম্মেলনের আয়োজনের লক্ষ্য সম্পর্কে আয়োজকেরা জানান, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। যেহেতু ঢাকা রাজধানী, তাই এর সমস্যাগুলোর পুনরাবৃত্তি ঘটছে সারা দেশে। মানুষের মন ও মননের সঠিক বিকাশ ও পরিবেশের স্বস্তি ফিরিয়ে আনতে হলে স্থপতি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিরামহীন নির্মাণযজ্ঞ ও বাণিজ্যিক সাফল্যের জায়গা থেকে সরে আসতে হবে। স্থপতির দায়িত্ব ও দেশের প্রতি তাঁর অঙ্গীকারের বিষয়টি অনুধাবন করতে হবে। এসব বিষয় সামনে তুলে ধরতেই এ আয়োজন। আয়োজকদের আশা, ভবিষ্যতের ঢাকার নানা পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনাজুড়ে লুই কান: সন্ধ্যাকালীন চা-নাশতার ছোট্ট একটা বিরতির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুরু হয় আলোচনা পর্ব। আলোচনা শুরু করেন যুক্তরাজ্যের স্থাপত্যবিষয়ক ঐতিহাসিক উইলিয়াম জে আর কার্টিস। বিশ শতকের স্থাপত্যকর্মের এই বিশেষজ্ঞের প্রায় সোয়া এক ঘণ্টার উপস্থাপনার পুরোটা জুড়েই ছিলেন ফরাসি স্থপতি লুই আই কান ও তাঁর অবিস্মরণীয় স্থাপত্যকর্ম বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।
উইলিয়াম কার্টিস বলেন, স্থাপত্য হলো জায়গার চিন্তাশীল শৈল্পিক ব্যবহার। লুই কান জানতেন, কীভাবে স্থাপত্যের কল্পনার পরিপূর্ণ বাস্তব রূপ দেওয়া যায়। আর এ জন্য কানের অনুপ্রেরণা ছিল নিসর্গ ও আলো, পাশ্চাত্য ও মোগল স্থাপত্যকর্ম। আলো তাঁর স্থাপত্যের একটি অন্যতম অনুষঙ্গ। জাতীয় সংসদ ভবনের স্থাপত্যে তিনি তাঁর অনুপ্রেরণাগুলোর সর্বোচ্চ ব্যবহার করেছেন। যার ফলে এই ভবনটিতে অনন্যভাবে রাষ্ট্রের প্রতিনিধিত্ব ফুটে উঠেছে। স্থাপত্যের কাজই সেটা, একটি রাষ্ট্রের আদর্শ অবস্থাকে ফুটিয়ে তোলা।
এরপর কার্টিসের সঙ্গে স্থাপত্যবিষয়ক আলোচনা শুরু করেন বাংলাদেশের স্থপতি শামসুল ওয়ারেস। এখানেও ঘুরেফিরে আসেন লুই কান। শামসুল ওয়ারেস বলেন, বাংলাদেশের আবহাওয়া লুই কান খুব ভালো বুঝেছেন এবং তার প্রাকৃতিক সম্পদগুলোর সর্বোত্তম ব্যবহার করেছেন। সংসদ ভবনের পাশের জলাশয়গুলো যেন প্রাকৃতিক দেয়াল, গরম বাতাস এই জলাশয়ের ওপর দিয়ে বয়ে এসে ঠান্ডা হয়ে ভবনের বিশালাকৃতির ত্রিকোণ-চতুর্কোণাকৃতির অংশ দিয়ে ভবনে ঢুকছে।
এ সময় কার্টিস আরও বলেন, স্থাপত্য একই সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানুষের সম্পর্ককেও তুলে ধরে। যেমন, হাইকোর্ট হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যেখানে আইনের রাজত্ব, শক্তি ও আশ্রয় প্রতিফলিত হয়। তাই হাইকোর্টের স্থাপত্যেও আইনের ওই শক্তিমত্তার ছবি বের হয়ে আসে।
রাত নয়টার দিকে স্থাপত্য সম্মেলনের প্রথম দিনের পর্দা নামে। আজ শুক্রবার দ্বিতীয় দিনে রয়েছে চারটি কর্ম-অধিবেশন। সকাল ১০টা থেকে শুরু হয়ে কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত এসব অধিবেশন অনুষ্ঠিত হবে। অংশ নেবেন দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা।