প্রকৃতিতে উত্তাপ স্বস্তিতে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়ে ছিলেন সুরাইয়া জোবাইদা খানম। খুলনা বিএল কলেজের এই শিক্ষার্থী এর আগেও ভোট দিয়েছেন। ‘তবে এবারের নির্বাচনের পরিবেশ অন্যবারের চেয়ে অনেক ভালো’—বলেন সুরাইয়া।

খুলনা আলিয়া মাদ্রাসায় ভোট দিতে আসা মনির হোসেন বলেন, ‘কোনা ঝামেলা নেই। দারুণ হতিছে ভোট।’

গতকাল শনিবার খুলনা নগরে রোদের প্রচণ্ড উত্তাপ ছিল। কিন্তু নির্বাচনে কোনো উত্তাপ ছিল না। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। প্রতিটি কেন্দ্রে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনজন মেয়র পদপ্রার্থীর প্রত্যেকেই ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সকালে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘নির্বাচন সুষুম ও নিরপেক্ষ হচ্ছে। নির্বাচনে যে ফলই হোক, তা মেনে নেব।’ এর পরপরই খুলনা আলিয়া মাদ্রাসায় ভোট দেন মো. মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘নির্বিঘ্নে ভোট হচ্ছে।’ সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে ভোট দিতে এসে আরেক মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী খুব সোচ্চার। দেখে খুব ভালো লাগছে।’ তবে ১৮ দল-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট শফিকুল আলম বিকেল চারটায় অভিযোগ করে বলেন, কয়েকটি কেন্দ্রে কর্মীদের জোর করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণকক্ষে নির্বাচনসংক্রান্ত কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন।

ইভিএমে ভোট গ্রহণ: ৮ নম্বর ওয়ার্ডের সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে বেরিয়ে পাটকল শ্রমিক শওকত হোসেন বললেন, ‘খুব আরাম পাইছি, এক মিনিটেই সব কিলিয়ার।’

এক শ্রমিকের মৃত্যু: শান্তিপূর্ণ কেসিসি নির্বাচনে খারাপ উদাহরণ একজন শ্রমিকের মৃত্যু। সকাল ১০টার দিকে খালিশপুরে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সামসুল আলমের একদল সমর্থক ক্রিসেন্ট জুট মিল থেকে মিছিল বের করেন। মিছিলকারীরা বিআইডিসি সড়ক হয়ে পিপলস জুট মিলের দিকে যেতে চাইলে র‌্যাব তাঁদের ধাওয়া করে। এ সময় ক্রিসেন্ট জুট মিলের ফিনিশিং বিভাগের শ্রমিক সর্দার মো. শাহ আলম (৪৫) রাস্তায় পড়ে যান। বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে মিলের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে সোনাডাঙ্গায় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গাজী মিজানুর রহমান বলেন, পথেই শাহ আলম মারা গেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মোজাম্মেল হক মৃত শাহ আলমকে তাঁদের কর্মী দাবি করে বলেন, ‘আমাদের কর্মীকে র‌্যাব পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

খালিশপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘একজনের মৃত্যুর ঘটনা জানি। মিছিলে র‌্যাব ধাওয়া করেছিল কি না, আমার জানা নেই।’