প্রকৃতিবিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
অরণ্য, নদী, পাখি নিয়ে প্রকৃতিবিষয়ক তিনটি বই প্রকাশ করেছে কথাপ্রকাশ। বই তিনটি হলো:-বিপ্রদাশ বড়ুয়ার অভিমানী নদী ও নিসর্গ, জায়েদ ফরিদের উদ্ভিদস্বভাব এবং মোকারম হোসেনের তুমি বৃক্ষ আদিপ্রাণ।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এই তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই তিনটি প্রকাশনা উৎসব ঘিরে ‘ত্রয়ী নিসর্গ ও সাংস্কৃতিক নিবেদন’ শীর্ষক বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে কথাপ্রকাশ।
প্রধান অতিথির বক্তব্যে চিত্রশিল্পী হাশেম খান বলেছেন, এই তিনটি বইয়ের নামেই বইগুলোর বিষয়বস্তু ও প্রয়োজনীয়তা বোঝা যায়। নিসর্গ, জলবায়ু, ঋতু, গাছপালা মানুষের বাঁচার জন্য কীভাবে প্রয়োজন তা বইগুলোর লেখার মাঝে রয়েছে, সঙ্গে রয়েছে ছবি। পরিবেশের প্রতি যত্ন নেওয়া ও আরও বই পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছপালা ও নদী রক্ষার আবেদনটুকু এই বইগুলোতে আলোচনা করা হয়েছে। বেঁচে থাকার জন্য, আনন্দে থাকার জন্য, প্রেরণা পাওয়ার জন্য বইগুলো সংগ্রহ করুন, পড়ুন।
জায়েদ ফরিদ এর উদ্ভিদস্বভাব নিয়ে আলোচনা করতে গিয়ে দ্বিজেন শর্মা বলেন, ‘জীববিজ্ঞানের বিচিত্র সব নিবন্ধ নিয়ে এই বইটি যা আমি নিজেও জানতাম না। শিক্ষক থাকাকালীন সময়ে বইটি পেলে আমার পাঠদান আরও আনন্দদায়ক হতো।’
অভিমানী নদী ও নিসর্গ বই নিয়ে পাখিবিশারদ ইনাম আল হক বলেন, তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে প্রকৃতি নিয়ে লিখেছেন যা পাঠককে নাড়া দেবে।
পরিবেশ নিয়ে কাজ করা ফিলিপ গাইন মোকারম হোসেন এর তুমি বৃক্ষ আদিপ্রাণ বই নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, এই বইয়ে ৭০টি লেখায় কয়েক শোর বেশি বৃক্ষ নিয়ে লেখা হয়েছে। এই বই ইঙ্গিত করে অরণ্যকে রক্ষা করা দরকার।
বইগুলো নিয়ে আলোচনার ফাঁকে হচ্ছিল সংগীতানুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনা করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সম্পা দাস ও ফরিদা পারভীন। সাজু আহমেদ ও তাঁর দল পরিবেশন করেন পরিবেশ বিষয়ক দলীয় নৃত্য।
অধ্যাপক আইনুন নিশাত, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।