প্রকৃতির অনন্য পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগের নওয়াজেশ নলেজ সেন্টারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত বৃহস্পতিবারের চিত্র l প্রথম আলো
মালিবাগের নওয়াজেশ নলেজ সেন্টারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত বৃহস্পতিবারের চিত্র l প্রথম আলো

‘এসো প্রকৃতিকে জানি, ভালোবাসি ও রক্ষায় এগিয়ে আসি।’ মালিবাগে একটি পাঠাগার আছে, যেখানকার প্রায় সব বই বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে। পাঠাগারটি প্রকৃতিকে বাঁচাতে উদ্বুদ্ধ হওয়ার কথা বলে। নাম ‘নওয়াজেশ নলেজ সেন্টার’, সংক্ষেপে এনকেসি। মালিবাগের কসমস সেন্টারের ষষ্ঠ তলায় এর অবস্থান। সাড়ে পাঁচ বছর বয়সী এই পাঠাগারের সদস্য ছয় শর মতো।
পাঠাগার বেশ ছিমছাম-পরিপাটি। ৪ অক্টোবর সকালে এখানে গিয়ে চোখে পড়ে সুরুচির ছাপ। দেয়ালের ওপর কুমির। কুমিরের সামনেই কাঁকড়া আর ব্যাঙ। তবে কুমিরের পক্ষে সেই কাঁকড়া ও ব্যাঙ খপ করে ধরা সম্ভব হয় না! কারণ প্রাণীগুলো যে প্রাণহীন। এক পাশে তাকভরা বইয়ের সারি, সিডি, ডিভিডি। আরেক পাশে সাতটি কম্পিউটার। এসব কম্পিউটারে আছে হাজার ছয়েক ‘ই-বুক’।
এখানকার লার্নিং অফিসার মাহমুদ আল হক বলছিলেন, তাঁর ভাষায়, ‘লাইব্রেরিটি শুধু এলাম, বই পড়লাম, চলে গেলাম—ঠিক সে রকম নয়। বিশেষায়িত এই লাইব্রেরি পরিচিত নানা ধরনের কাজের জন্য। সবচেয়ে বেশি করা হয় পরিবেশ ও প্রকৃতিবিষয়ক তথ্য ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন, যার নাম “ওয়াইল্ড শো”। যাঁরা পর্বতারোহণে যান বা গবেষণার কাজে দীর্ঘদিন কোনো জলে-জঙ্গলে অবস্থান করেন, তাঁদের অভিজ্ঞতা শোনাই, যে কর্মসূচিটির নাম “ওয়াইল্ড আওয়ার”। এ ছাড়া “ওয়াইল্ড ট্রিপ” আয়োজন করি, “ওয়াইল্ড অ্যাকশনে” নেমে পড়ি। এ ছাড়া কুইজ প্রতিযোগিতা, বই আলোচনা—এসব তো আছেই।’
কিছু প্রকৃতিপ্রেমী ও গবেষক ২০০৩ সালে ‘ওয়াইল্ড টিম’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একজন সদস্য ছিলেন আলোকচিত্রী ও উদ্ভিদবিজ্ঞানী নওয়াজেশ আহমেদ। ২০০৯ সালে তাঁর মৃত্যুর প্রায় দেড় বছর পর ওয়াইল্ড টিম এবং জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের যৌথ উদ্যোগে ২০১১ সালের মার্চে নওয়াজেশ নলেজ সেন্টার বা এনকেসির যাত্রা শুরু।
ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা সবার মধ্যে সচেতনতা আনতে পারব না। কিন্তু হাজারে একজনকেও যদি সচেতন করা যায়, তা-ও অনেক। এভাবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রাণী ও প্রকৃতি রক্ষায় কাজ করতে হবে।’
ওয়াইল্ড আওয়ার আয়োজনে এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা শুনিয়েছেন এভারেস্টজয়ী এম এ মুহিত। ওয়াইল্ড ট্রিপে এ পর্যন্ত সাতছড়ি, রেমা-কালেঙ্গা, লাউয়াছড়া, টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই, ভাওয়াল জাতীয় উদ্যানসহ ঢাকার আশপাশে যাওয়া হয়েছে, যার লক্ষ্য—বন, বনের প্রাণী, আশপাশের মানুষের জীবন যাপন কাছ থেকে দেখা এবং প্রকৃতির সন্তানদের প্রতি আরেকটু ভালোবাসার বোধ জাগ্রত করা।
এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর ১০০ টাকা দিলেই পরিচয়পত্রসহ এক বছরের জন্য এনকেসির সদস্যপদ লাভ করা যায়। এখানে একসঙ্গে ২০ জন বসে পড়াশোনা বা গবেষণার কাজ করতে পারেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এনকেসি। আর বন্ধ থাকে যেকোনো ছুটির দিনে। বর্তমানে ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় পাঠক-গবেষকদের আসা-যাওয়ার সাময়িক সমস্যা সত্ত্বেও থেমে নেই এনকেসি।